চাঁদপুরে বিদ্যুৎ উপকেন্দ্রে থেকে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর
চাঁদপুরের ফরিদগঞ্জে লোডশেডিং ও অতিরিক্ত বিলের জেরে পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে হামলা চালিয়ে এক লাইনম্যানকে তুলে নিয়ে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে।
এ সময় তার কাছ থেকে ২৩ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া ও মোবাইল ফোন ভাঙচুর করা হয়। এ ঘটনায় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা করেছে।
আজ বুধবার (২৪ জুন) দুপুরে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, গতকাল মঙ্গলবার দুপুরে উপকেন্দ্র-১ এর উত্তর ধানুয়া গ্রামে লাইন মেরামতের সময় ১০-১২ জনের একটি উত্তেজিত দল সাব-স্টেশনে ঢুকে লাইনম্যানদের ওপর চড়াও হয় এবং একজনকে তুলে নিয়ে মারধর করে।
মামলায় ধানুয়া গ্রামের মো. জাফর মিজি, মো. ফারুক পাটোয়ারী ও মো. জসিমসহ বেশ কয়েকজন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের তীব্র লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বিষয়ে প্রতিকার না পাওয়ায় চরম ভোগান্তি থেকে ক্ষুব্ধ জনতা এই ঘটনা ঘটিয়েছে।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, উচ্চমাত্রার বিদ্যুতাড়িত উপকেন্দ্রে এমন অনধিকার প্রবেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল এবং এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার ওসি জানান, সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173793