আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহতের ঘটনায় গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সশস্ত্র ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন আহত হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৪ জুন) রাতে আড়াইহাজার ও সোনারগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সোনারগাঁ উপজেলার চর নোয়াগাঁও এলাকার রাকিব ভূইয়া (২৯) ও সজীব মোল্লা (২২)।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার বলেন, ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী এলাকায় সশস্ত্র ডাকাত দলের হামলায় সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনসহ ছয়জন আহত হন। একই সময়ে পাশের একটি বাড়িতে ডাকাতি করে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুট করা হয় বলে অভিযোগ রয়েছে।