দুই দিনের রিমান্ডে অভিনেতা জাহের আলভী
বিনোদন ডেস্ক : স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (২৪ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এই আদেশ দেন।
আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিমের ইন্সপেক্টর মো. আব্দুল মালেক গত রোববার জাহের আলভীকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। ওই দিন আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আজকের দিন (বুধবার) ধার্য করেন। আজ শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী আবজাল হোসাইন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন জাহের আলভী। আদালত সেদিন তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173728