ফুটবল মহাতারকা লিওনেল মেসির জন্মদিন আজ

ফুটবল মহাতারকা লিওনেল মেসির জন্মদিন আজ

স্পোর্টস ডেস্ক : ফুটবল মহাতারকা লিওনেল মেসির জন্মদিন আজ। ৩৯ বছরে পা রাখলেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। যিনি বয়সকে পরিণত করেছেন স্রেফ একটি সংখ্যায়, আর নিজেকে তুলে ধরেছেন প্রশংসাসূচক বিশেষণেরও ঊর্ধ্বে। অনেকের চোখে তিনি সর্বকালের সেরা ফুটবলার। তাই বিশ্বকাপের মঞ্চে জন্মদিনের এই সময়টাতে আবারও মেসির কাছ থেকে নতুন কোনো জাদুর অপেক্ষায় ফুটবল বিশ্ব।

জন্মদিনের সেরা উপহার নাকি মানুষ নিজেই নিজেকে দেয়। মেসিও বছরের পর বছর নিজেকে উপহার দিয়েছেন গোল করে, রেকর্ড গড়ে এবং কোটি কোটি ভক্তকে আনন্দে ভাসিয়ে। ফুটবলের ইতিহাসের পাতায় একের পর এক কীর্তি লিখে তিনি যেন রেকর্ডবুককেই বাধ্য করেছেন নতুন করে সাজতে। ৩৮তম জন্মদিনের সময় অস্ট্রিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত হ্যাটট্রিক না হলেও জোড়া গোলে স্মরণীয় করে রাখেন ম্যাচটি। মাঠজুড়ে তার ছন্দময় উপস্থিতি আবারও মনে করিয়ে দেয় কেন তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা শিল্পী। এর আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপের মঞ্চে নিজের প্রস্তুতির জানান দিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। ক্যানসাসে অনুষ্ঠিত সেই ম্যাচ ছিল যেন আরও বড় কিছুর ইঙ্গিত।

প্রতি চার বছর পর ফুটবল বিশ্বকে উন্মাদনায় ভাসায় বিশ্বকাপ। আর এই মহারণের সঙ্গে মেসির সম্পর্কও দীর্ঘদিনের। ২০০৬ বিশ্বকাপে জন্মদিনের সপ্তাহখানেক আগে প্রথমবারের মতো বিশ্বকাপে গোলের দেখা পান তিনি। সেখান থেকেই শুরু হয় বিশ্বকাপ মঞ্চে এক মহাকাব্যিক যাত্রা। ২০১০ বিশ্বকাপে গোল না পেলেও চার বছর পর ব্রাজিল বিশ্বকাপে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান মেসি। জন্মদিনের ঠিক পরদিন নাইজেরিয়ার বিপক্ষে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি নিজের শ্রেষ্ঠত্বেরও জানান দেন।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও জন্মদিনের আবহ কাটতে না কাটতেই আবারও প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া। সেবারও নিজের অসাধারণ দক্ষতায় বিশ্বকে মুগ্ধ করেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। বিশ্বকাপের প্রচলিত সূচি ভেঙে ২০২২ সালে কাতারে বসেছিল ফুটবলের সবচেয়ে বড় আসর। সেবার সাত গোল করে গোল্ডেন বল জয়ের পাশাপাশি অধরা বিশ্বকাপ ট্রফিও তুলে নেন নিজের হাতে। পূর্ণতা পায় তার বর্ণাঢ্য ক্যারিয়ার।

এবার আবারও জন্মদিনের মাসে বিশ্বকাপের আবহে আছেন মেসি। ৩৯ বছরে পা রাখা এই মহাতারকার দিকে তাকিয়ে আছে গোটা ফুটবল বিশ্ব। সমর্থকদের প্রত্যাশা, সবুজ গালিচায় আরও নতুন কোনো মহাকাব্যের জন্ম দেবেন তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173708