চীনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দেওয়া রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরা। মঙ্গলবার স্থানীয় সময় রাতে দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন চীনের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী জুবাইদা রহমান নৈশভোজে অংশ নেন।
নৈশভোজে অংশ নেওয়া অন্য প্রধানমন্ত্রীরা হলেন—দক্ষিণ কোরিয়ার কিম মিন সিওক, মঙ্গোলিয়ার নিয়াম ওসোরিন উচরাল, গিনির আমাদু ওউরি বাহ, মন্টিনিগ্রোর মিলোজকো স্পাজিচ এবং কাজাখস্তানের ওলজাস বেকটেনভ।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে রাষ্ট্রীয় ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখা হয়েছে, একসঙ্গে তারা ভোজে অংশ নেন। এর মাধ্যমে উন্মুক্ত আলাপচারিতার পথ উন্মোচিত হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষে সোমবার রাতে চীনের দালিয়ানে পৌঁছান। দালিয়ান আন্তর্জাতিক বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
তিনি আরও জানান, আগামীকাল সকালে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগদানের পর দুপুরে বুলেট ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173685