অবৈধ দু’টি স্যালাইন কারখানায় জরিমানা, একটি সিলগালা
পাবনা প্রতিনিধি: পাবনায় অবৈধ দুটি স্যালাইন কারখানায় অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সদর উপজেলার বাংলাবাজার এলাকার এস.টি. ফুড অ্যান্ড বেভারেজ এবং পৌর এলাকার পাবনা ফুড অ্যান্ড বেভারেজে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দু’টি অবৈধভাবে স্যালাইন উৎপাদন করে আসছিল। যা মানবদেহের জন্য ক্ষতিকর। অভিযানের সময় কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠান দু’টিকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে উৎপাদিত স্যালাইন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এর আগে, একইদিন সকালে অভিযান চালিয়ে অবৈধভাবে স্যালাইন তৈরি ও বিক্রির দায়ে বাংলাবাজার এলাকায় ইউনিসাল ফুড বেভারেজ নামে একটি স্যালাইন প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিলগালা করা হয়। তবে সেখানে জরিমানা করা হয়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173673