হার্টে ছিদ্র শিশু সুয়াইবাকে বাঁচাতে সাহায্যের আকুতি, অপারেশনের জন্য প্রয়োজন ৫ লাখ টাকা

হার্টে ছিদ্র শিশু সুয়াইবাকে বাঁচাতে সাহায্যের আকুতি, অপারেশনের জন্য প্রয়োজন ৫ লাখ টাকা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের খিকিন্দা পূর্বপাড়ার বাসিন্দা সনজু মিয়ার মেয়ে সুয়াইবা আক্তারকে বাঁচাতে সাহায্যের আকুতি জানিয়েছে তার পরিবার। তার অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ৫লাখ টাকা. যা দরিদ্র পরিবারের জন্য যোগানো সম্ভব নয়।

পারিবারিক সূত্র জানায়, জন্মের কয়েক মাস পর সুরাইয়া আক্তার অসুস্থ হয়ে পড়ে। ২০২৬ সালের শুরুতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর হার্টে দুটি ছিদ্র ধরা পড়ে। বগুড়ার চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

স্থানীয় বাসিন্দারা জানায়, সনজু মিয়া খুবই গরিব মানুষ। মেয়ের চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই। সমাজের দানশীল ও বিত্তবান ব্যক্তিরা এগিয়ে এলে শিশুটির চিকিৎসা হবে। অন্যসব শিশুদের মতো সুয়াইবা ও একদিন স্বাভাবিক সমাজে চলাফেরা করতে সক্ষম হবে।

সুয়াইবার মা রোজিনা খাতুন বলেন, আমার স্বামীর সামান্য বসতবাড়ি ছাড়া কিছুই নেই। ভ্যান চালিয়ে দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা পায়। কষ্ট করে সংসার চালায়। মেয়ের অপারেশন করাতে পাঁচ লাখ টাকা দরকার। এ টাকা আমাদের পক্ষে কোনোভাবেই জোগাড় করা সম্ভব নয়। তাই মেয়ের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের হৃদয়বান ও বিত্তশালী মানুষকে অনুরোধ জানাচ্ছি। সুয়াইবাকে সাহায্য পাঠাতে যোগাযোগ করতে পারেন বিকাশ : ০১৩১১-৩৬২৯৮১।

এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রবিউল করিম বলেন, চিকিৎসার জন্য অনলাইনে আবেদন করলে যাচাই-বাছাই করে চিকিৎসার জন্য আর্থিক সহায়তায় দেয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173671