চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিষন সীমান্ত থেকে অজ্ঞাত পরিচয়ের এক ভারতীয় নাগরিককে (৫০) আটক করেছে বিজিবি। গতকাল সোমবার বিকেলে ১৬, বিজিবির বিবিষন বিওপির সদস্যরা তাকে সন্দেহজনকভাবে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করার সময় আটক করে। গতকাল সোমবার সন্ধ্যায় তাকে গোমস্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানায়।
বিজিবি আরও জানায়, গত কয়েকদিন আগে সে দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সে শারিরীকভাবে প্রতিবন্ধী হওয়ায় সীমান্ত এলাকায় ভিক্ষাবৃত্তি করছিল। বিজিবি তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি নুরে আলম গতকাল সোমবার রাতে জানান, ওই ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173661