বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

এক বছরের ব্যবধানেই আবারও শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সেতে ফিরলেন ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত সোমবার তার প্রত্যাবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাবটি।

নতুন চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের শেষ পর্যন্ত ফ্লুমিনেন্সের জার্সিতে খেলবেন ৪১ বছর বয়সি এই তারকা ডিফেন্ডার। েগত বছরের শেষদিকে ফ্লুমিনেন্সে ছেড়ে পর্তুগিজ ক্লাব পোর্তোতে যোগ দিয়েছিলেন সিলভা। তবে ইউরোপীয় মৌসুম শেষে দুই পক্ষের চুক্তির ইতি ঘটলে তিনি ফ্রি এজেন্টে পরিণত হন। এরপরই তাকে ফেরানোর উদ্যোগ নেয় তার পুরোনো ক্লাব।

দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত সফল হয় ফ্লুমিনেন্সে। ক্লাবটির ইতিহাসের অন্যতম সফল ফুটবলারকে আবারও নিজেদের ডেরায় ফিরিয়ে আনতে সক্ষম হয় তারা। এদিকে ২০২৫ সালের শেষদিকে সিলভার বিদায় ফ্লুমিনেন্সের পরিকল্পনার অংশ ছিল না। ক্লাব কর্তৃপক্ষ চেয়েছিল চুক্তি অনুযায়ী অন্তত ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত তিনি দলের সঙ্গে থাকুন। কিন্তু ব্যক্তিগত ও পেশাদার কারণে সে সময় ইউরোপে ফেরার সিদ্ধান্ত নেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার।

ব্রাজিলের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সিলভার সেই সিদ্ধান্তের পেছনে দুটি বড় কারণ ছিল। প্রথমত, ইংল্যান্ডে থাকা পরিবারের কাছাকাছি থাকা এবং দ্বিতীয়ত, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল জাতীয় দলে জায়গা নিশ্চিত করার লক্ষ্য। তবে শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হয়নি। সেলেসাওদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি সিলভা। ফলে পোর্তোর সঙ্গে সম্পর্কের ইতি ঘটার পর তার ক্যারিয়ারের পরবর্তী গন্তব্য নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।

এমন পরিস্থিতিতে আবেগ আর পরিচিত পরিবেশের টানেই আবারও ফ্লুমিনেন্সের দুয়ারে ফিরলেন তিনি। যদিও শুরুতে এই প্রত্যাবর্তন খুব একটা সম্ভাবনাময় বলে মনে হয়নি। ইউরোপে ক্যারিয়ার চালিয়ে যাওয়া কিংবা অবসরের পর কোচিংয়ে মনোযোগ দেওয়ার বিকল্পও খোলা ছিল তার সামনে। কিন্তু ফ্লুমিনেন্সে কর্তৃপক্ষ নিজেদের অন্যতম সেরা ফুটবলারকে ফেরাতে ছিল দৃঢ়প্রতিজ্ঞ।

ক্লাব সূত্রে জানা যায়, সিলভাকে ফেরানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। কয়েক দফা আলোচনার পর গত কয়েক দিনে সমঝোতা চূড়ান্ত হয় এবং দ্বিতীয় মেয়াদে ফ্লুমিনেন্সের জার্সি গায়ে তোলার ব্যাপারে সম্মতি দেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।

বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার হতাশার মধ্যেও পুরোনো ক্লাবে ফেরা সিলভার জন্য নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আর তার প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ফ্লুমিনেন্সে সমর্থকরাও।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173646