ভোলার লালমোহনে ব্রিজ ভেঙে বালুবাহী ট্রাক খালে, নিহত ১
ভোলার লালমোহন উপজেলায় একটি পুরোনো আয়রন ব্রিজ ভেঙে বালুবাহী ট্রাক খালে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন। একই সঙ্গে ব্রিজটি ভেঙে যাওয়ায় দুই গ্রামের কয়েক হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর উমেদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. নাঈম উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ফরিদের ছেলে। আহত আলামিন (১৪) একই এলাকার ভুট্টোর ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চর উমেদ ও চর মোল্লাদি গ্রামের মধ্যকার সংযোগ সেতু হিসেবে ব্যবহৃত বহু বছরের পুরোনো আয়রন ব্রিজটি দিয়ে একটি বালুভর্তি ট্রাক চর মোল্লাদি গ্রামের দিকে যাচ্ছিল। ট্রাকটি ব্রিজের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ ব্রিজটি ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা চালক ও হেলপারকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত আলামিনকে উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ব্রিজটি ভেঙে যাওয়ায় চর উমেদ ও চর মোল্লাদি গ্রামের মানুষের উপজেলা সদরের সঙ্গে সহজ যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তারা দ্রুত নতুন একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।