গান দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের ভিডিও প্রকাশ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

গান দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের ভিডিও প্রকাশ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

‘আমার বন্ধু মহাজাদু জানে...’— জনপ্রিয় এই বাংলা গানেই যেন ফুটে উঠল দুই দেশের বন্ধুত্বের নতুন অধ্যায়!

দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া সফর করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আর সেই সফরের বিশেষ মুহূর্তগুলো নিয়ে একটি হৃদয়ছোঁয়া ভিডিও প্রকাশ করেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর।

মঙ্গলবার সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী Anwar Ibrahim-এর ফেসবুক পেজে প্রকাশিত ২ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওটিতে ব্যবহার করা হয়েছে হাবিব ওয়াহিদ ও মেহরনিগরি রুস্তামের জনপ্রিয় গান ‘মহাজাদু’। পুরো ভিডিওজুড়ে শোনা যায়— ‘আমার বন্ধু মহাজাদু জানে’।

ভিডিওতে স্থান পেয়েছে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক আয়োজনসহ সফরের নানা গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রকাশের মাত্র তিন ঘণ্টার মধ্যেই ভিডিওটি ৯ লাখেরও বেশি বার দেখা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিওর এক পর্যায়ে রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলতে শোনা যায় আনোয়ার ইব্রাহিমকে। 

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের চার মাস পর এটিই ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর। যৌথ সংবাদ সম্মেলনে জিয়া পরিবারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথাও স্মরণ করেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, তারেক রহমানের প্রয়াত বাবা-মায়ের সঙ্গে তাদের পরিচয় ছিল এবং বাংলাদেশের জনগণের প্রতি তারেক রহমানের ভালোবাসা ও দেশের উন্নয়নে তার অঙ্গীকারের প্রশংসা করেন।

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের উষ্ণতা, কূটনৈতিক বার্তা আর ‘মহাজাদু’র সুর— সব মিলিয়ে ভিডিওটি এখন দুই দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173607