নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র সেই কর্মকর্তা বরখাস্ত
নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও’র ঘটনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) এ কে এম আরিফ উদ্দিনকে (আরিফ হাসনাত) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুন) বিআইডব্লিউটিএ এক আদেশে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, এ কে এম আরিফ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগের ভিডিও ক্লিপ প্রকাশিত হওয়ায় কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের কারণে বিধি ৪১(১) অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। একই সঙ্গে তাকে বিআইডব্লিউটিএ’র প্রশাসন ও মানবসম্পদ বিভাগে নিয়মিত হাজিরা দিতে হবে। হাজিরা প্রদান সাপেক্ষে তার খোরাকি ভাতা পরিশোধ করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173585