মেসির প্রশংসা করতে করতে ক্লান্ত স্কালোনি
স্পোর্টস ডেস্ক : গতকাল অস্ট্রিয়া ম্যাচে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ের ম্যাচে জোড়া গোল করা মেসিকে নিয়ে তাই স্কালোনি বলেছেন এভাবে-মেসিকে নিয়ে কথা বলতে বলতে ক্লান্ত হয়ে যেতে হয়। বিশ্বকাপে প্রথম ম্যাচে মেসি করেছিলেন হ্যাটট্রিক, তারপর করেছেন জোড়া গোল। অথচ শুরুটা তার ভালো ছিল না। ম্যাচের ৯ মিনিটের সময় পোস্টের বাইরে পেনাল্টি শট নেন মেসি। সেই হতাশা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জোড়া গোল করেন আর্জেন্টিনা অধিনায়ক। তাই আরও একবার মেসিকে প্রশংসায় ভাসাতে হয়েছে স্কালোনির।
কাল ম্যাচ শেষে স্কালোনি বলেন এভাবে, ‘দল যখন খারাপ খেলছিল, তখনো লিও (মেসি) বল কেড়ে নিয়েছে, নিবেদিত ছিলেন। এই যে নিবেদন, তার পেছনে অবশ্যই একটা বড় কারণ আছে। আর এই চেতনাটা ও দলের সবার মধ্যে নিয়ে আসে। আমি আর কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না, এ নিয়ে কথা বলতে বলতে আমরা ক্লান্ত। লিও যখন জ্বলে ওঠে, তখন দলের সবাই জ্বলে ওঠে।’ কালকের জয়ে পরের রাউন্ডে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেটাও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। স্বাভাবিকভাবে স্কালোনি দলের সাফল্যে খুশি, ‘অস্ট্রিয়া কঠিন দল। লম্বা ও শারীরিকভাবে শক্তিশালী। তাদের সঙ্গে জয়ে পরের রাউন্ডে যেতে পেরে খুশি। আমরা ধৈর্য ধরে বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলাম, আমরা জানতাম যে আমরা আমাদের চেনা ছন্দ খুঁজে পাচ্ছি এবং আমরা সুযোগও তৈরি করেছি।’
স্কালোনি লাওতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজদেরও প্রশংসা করেছেন, ‘লাওতারো দারুণ খেলেছে। ও আর আলভারেজ দলের বার্তা ভালো বুঝতে পারে। লিসান্দ্রো মার্তিনেজও নিজের কাজ করায় আমরা খুশি। আর ওতামেন্দি যেভাবে মাঠে নেমে হাল ধরছে, তা আমাদের দারুণ স্বস্তি দিচ্ছে। আমরা ওদের পারফরম্যান্সে খুশি।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173584