ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যুবদলের শোডাউন ও বিক্ষোভ মিছিল
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মোটরসাইকেল শোডাউন, প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মালখানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মোটরসাইকেল শোডাউন বের করা হয়। শোডাউনটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে কেরানীগঞ্জ এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সুহেল আহমেদ রানা। এতে যুবদল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
শোডাউন শেষে দুপুরে সিরাজদিখানের নিমতলা এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অপপ্রচার, গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173580