অনুশীলনে ফিরলেন নেইমার, স্বস্তি ব্রাজিল শিবিরে
স্পোর্টস ডেস্ক : কাফ ইনজুরির কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে না পারা তারকা ফরোয়ার্ড নেইমার প্রথমবারের মতো দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলন সম্পন্ন করেছেন। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে তার মাঠে ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে। যদিও এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে আসলেই ম্যাচটিতে তিনি খেলবেন কিনা।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়েছিলেন, নেইমারের পুনর্বাসন পরিকল্পনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং স্কটল্যান্ড ম্যাচের জন্য তিনি পরিকল্পনায় থাকবেন। প্রায় এক মাস আগে পাওয়া চোটের কারণে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড মরক্কো ও হাইতির বিপক্ষে খেলতে পারেননি। রোববার দলের সঙ্গে প্রথম পূর্ণ সেশন শেষ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেন নেইমার। দীর্ঘ পুনর্বাসনের পর জাতীয় দলের অনুশীলনে পুরোপুরি ফিরতে পেরে তিনি সন্তুষ্টি জানিয়েছেন।
ব্রাজিল বর্তমানে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে। মরক্কোর সঙ্গে ১-১ ড্র করার পর হাইতিকে ৩-০ গোলে হারিয়ে চার পয়েন্ট সংগ্রহ করেছে সেলেসাওরা। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি গ্রুপসেরা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমন সময়ে নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিলের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করতে পারে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173568