সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ
চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। শুরু হওয়ার পর থেকে এক বছরের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন শেষ করার চেষ্টা করবে সরকার।
জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার উল্লেখ করে তিনি বলেন, স্বাধীন মিডিয়া কমিশন গঠনের বিষয়ে অংশীজনদের সঙ্গে বৈঠকে ঐকমত্য হওয়া গেছে। এছাড়া ওশোনোগ্রাফিক রিসার্চের জন্য দেশেই প্রথমবারের মতো জাহাজ তৈরি করতে যাচ্ছি।
তিনি আরও বলেন, জনগণের ওপর যেন কোনো অন্যায় আচরণ না হয়, সেটি এ সরকার নিশ্চিত করবে। জাইমা রহমান বা অন্য যেকোনো নারী রাষ্ট্রের কাছে সমান অধিকার রাখে। আর প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। দ্রুতই উন্মুক্ত হবে এমন আশা করতে পারি।
এর আগে ১৬ জুন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে জানান, চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।
তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার সংস্থার নির্বাচন হবে। নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173556