ছাত্রদের যৌন নির্যাতন: ঢাবি শিক্ষক এরশাদকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করলো প্রশাসন
ঢাবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যৌন নিপীড়নের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এরশাদ হালিমকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদন গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনুমোদনও পেয়েছে। ফলে স্থায়ী বহিষ্কার হতে যাচ্ছেন অধ্যাপক এরশাদ।
সিন্ডিকেটের এক সদস্য বলেন , অধ্যাপক এরশাদের বিরুদ্ধে আনা যৌন নিপীড়নের অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তাকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে কমিটি। কমিটির প্রতিবেদন সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
এখন এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে বলে জানান ওই সিন্ডিকেট সদস্য। ট্রাইব্যুনাল চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন। এরপর সিন্ডিকেট সভায় সেই সিদ্ধান্ত চূড়ান্তভাবে পাশ হবে। ঢাবির প্রশাসনিক কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাভঙ্গ, নীতিবিরোধী কাজ বা গুরুতর অভিযোগ নিষ্পত্তির জন্য এই ‘ট্রাইব্যুনাল’ গঠিত হয়।
ওই সিন্ডিকেট সদস্য জানান, অধ্যাপক এরশাদ স্থায়ী বহিষ্কারই হতে যাচ্ছেন।
এর আগে রসায়ন বিভাগের কয়েকজন ছাত্র অধ্যাপক এরশাদ হালিমের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন। পরবর্তীতে সেই ঘটনায় মামলাও হয়। এ অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনও তাকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173554