কুড়িগ্রামের ফুলবাড়ীতে মদের কারখানায় উপকরণ জব্দসহ আটক ১
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী ঝাঁউকুটি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এসময় একজনকে হাতেনাতে আটক করা হয়। আজ সোমবার (২২ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈমের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এসময মদ তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ ও প্রস্তুতকৃত বাংলা মদ জব্দ করা হয়। একইসাথে কারখানার সাথে জড়িত গোরকমন্ডল এলাকার গনাই চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তবে কারখানার মূলহোতা হিসেবে অভিযুক্ত আব্দুল কাদের ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে বাড়ির মালিক হবিবর রহমানকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, মূল অভিযুক্ত পালিয়ে গেলেও তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173512