বগুড়ায় ফল ব্যবসায়ী লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের সেউজগাড়ী এলাকা থেকে আবু জাহের (৫৫) নামে এক ফল ব্যবসায়ীর অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২২ জুন) বিকেলে পুলিশ তার লাশ উদ্ধার করে। তিনি সেউজগাড়ী মন্ডলপাড়ায় রেলওয়ে মাঠ সংলগ্ন বস্তিতে হারুনের বাড়িতে একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। তার গ্রামের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার ত্রিমুখ গ্রামে।
প্রতিবেশিরা জানান, গতকাল রোববার রাতে তিনি তার ঘরে শুয়ে পড়েন। আবু জাহের অসুস্থ ছিলেন। ভেতর থেকে তার ঘরের দরজা লাগানো ছিল। আজ সোমবার (২২ জুন) বিকেল ৩টা পর্যন্ত কোন সাড়া শব্দ না পেলে বাড়ির লোকজন তাকে ডাকতে থাকেন। কিন্তু তিনি কোন সাড়া না দিলে লোকজন দরজা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে বিছানায় তার লাশ পড়ে থাকতে দেখেন। এরপর বিষয়টি থানায় জানানো হয়। খবর দেয়া হয় তার ছেলেকেও। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
সেউজগাড়ী এলাকার বাসিন্দা মো. আব্দুল জলিল জানান, শরীরে পচন ধরেছে। লাশ ধোওয়ার মত অবস্থা নেই। তিনি দীর্ঘদিন সেখানে একাকী থাকতেন। তার ছেলে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ছাত্র জোবাইল ইসলাম বিশাল বলেন, তার বাবা বগুড়া মহানগরের সাতমাথায় ফল বিক্রি করতেন। তিনি প্রথমে চেলোপাড়া এবং পরবর্তীতে সেউজগাড়ী মন্ডলপাড়ায় রেলওয়ে বস্তিতে থাকতেন।
তার মায়ের সাথে বাবার ছাড়াছাড়ি হয়ে যায়। মা তার বাবার দ্বিতীয় স্ত্রী ছিলেন। এক সৎ বড়ভাই রয়েছে। তিনি আরো জানান, মা-বাবা আলাদা বসবাস করতেন। গত ২০ বছর ধরে মা-বাবা আলাদা থাকতেন। উপ-শহরে মার সাথে তিনি থাকেন। তবে বাবার সাথে তার যোগাযোগ ছিল। বাবার কাছ থেকে মাঝে-মধ্যে সংসার খরচের টাকা নিয়ে যেতেন। সেউজগাড়ীতে বাবার মৃত্যুর খবর পেয়ে ছুটে যান সেখানে। তিনি বলেন, তার বাবার মৃত্যু নিয়ে কারোর প্রতি তার কোন অভিযোগ নেই।
এ ব্যাপারে বগুড়া সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ফল ব্যবসায়ী আবু জাহেদের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। তবে লাশটির ময়না তদন্ত করা হয়নি। স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার মৃত্যুর বিষয়ে করোর বিরুদ্ধে ছেলেসহ আত্মীয় স্বজনের কোন অভিযোগ নেই। অভিযোগ না থাকায়পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173511