সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ঘরসহ ভেসে গেল শেকলে বেঁধে রাখা যুবক
ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টিপাত এবং সুনামগঞ্জে টানা বর্ষণের প্রভাবে জেলার সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। কোথাও কোথাও আকস্মিক প্লাবনের ঘটনাও ঘটেছে। তবে গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হওয়ায় নদ-নদীর পানি কমতে শুরু করেছে। হাওরগুলোতে এখনও পর্যাপ্ত পানি জমে না থাকায় নদীর অতিরিক্ত পানি বিভিন্ন খাল দিয়ে প্রবল স্রোতে হাওরের দিকে প্রবাহিত হচ্ছে।
এদিকে জেলার তাহিরপুর উপজেলার বড়দল গ্রামে উজানের ঢলের প্রবল স্রোতে মাঝের খাল ভাঙনের কবলে পড়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় রুবেল মিয়া (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ রয়েছেন।
আজ সোমবার (২২ জুন) সকালে আনুমানিক ১০টার দিকে উপজেলার বড়দল পুরানহাটি এলাকার মাঝের খাল ভাঙনের ঘটনায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়দল পুরানহাটি এলাকার বাসিন্দা বশিরুল হকের ছেলে রুবেল মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। পরিবারের সদস্যরা তার নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে ঘরের ভেতরে রশি দিয়ে বেঁধে রাখতেন।
সোমবার সকালে পাহাড়ি ঢলের পানি বড়দল মাঝের খাল দিয়ে প্রবল স্রোতে প্রবাহিত হচ্ছিল। পানির তীব্র স্রোতের কারণে খালের পাশের বাসিন্দা বশিরুল হকের ঘরটি হঠাৎ ভেঙে পানিতে পড়ে যায়। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা দ্রুত ঘর থেকে বের হতে সক্ষম হলেও মানসিক ভারসাম্যহীন রুবেল মিয়া বের হতে পারেননি। ঘরের একটি কুটিরের সঙ্গে বাঁধা থাকায় ঘর ভেঙে পানিতে পড়ে গেলে তিনিও স্রোতের সঙ্গে ভেসে যান।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173508