লক্ষ্মীপুরে যুবদল নেতার বাড়িতে ছোট ভাইয়ের প্রকাশ্যে গুলি, ভিডিও ভাইরাল
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় যুবদল নেতা আবদুস ছাত্তার মজুমদারের বাড়িতে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গতকাল রবিবার (২১ জুন) সকালে রামগঞ্জ উপজেলার পৌর ২ নম্বর ওয়ার্ডের কমরদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে দিবাগত রাত ১২টার পর সামাজিক যোগাযোগমাধ্যমে গুলি করার ১ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, সুমন মজুমদার নামে এক যুবক প্রকাশ্যেই একটি পিস্তল উঁচিয়ে যুবদল নেতা আবদুস ছাত্তার মজুমদারের বাড়ি লক্ষ্য করে একের পর এক গুলি ছুড়ছেন। এ সময় পেছন থেকে এক নারী তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করলেও তিনি ক্ষান্ত হননি। সুমন গুলি ছুড়তে ছুড়তে বাড়ির বারান্দায় গিয়ে জানালার গ্লাস ভাঙচুর করেন এবং অনবরত অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন। তবে ঘটনার সময় যুবদলনেতা আবদুস ছাত্তার বাড়িতে ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার শিকার আবদুস ছাত্তার মজুমদার রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আর প্রকাশ্য অস্ত্র উঁচিয়ে হামলা চালানো অভিযুক্ত সুমন মজুমদার তাঁরই আপন ছোট ভাই। পারিবারিক কোনো বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর থেকে এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয় বাসিন্দারা সুমন মজুমদারকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে এবং পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।