মেসির রেকর্ড পেছনে ফেলে আলো ছড়ালেন ইয়ামাল
স্পোর্টস ডেস্ক: খেলা শুরুর আগেই আলোচনার কেন্দ্রে ছিলেন লামিনে ইয়ামাল! আর শেষ বাঁশি বাজার অনেক পরও সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়ে গেলেন তিনি। মাত্র ১৮ বছর বয়সেই স্পেনের আক্রমণের প্রধান ভরসা হয়ে ওঠা এই বিস্ময়বালক যেন জানিয়ে দিলেন এ বিশ্বকাপ তারও হতে পারে।
কেপ ভার্দের বিপক্ষে স্পেনের গোলশূন্য ড্রয়ে মাত্র ১৯ মিনিট খেলেছিলেন ইয়ামাল। এপ্রিলে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোট থেকে ফিরছিলেন বলে তাকে অল্প সময় খেলানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
সৌদি আরবের বিপক্ষে শুরুর একাদশে সুযোগ পেয়েই তার প্রতিদান দিলেন ইয়ামাল। মাঠে বল স্পর্শ করার আগেই দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। গ্যালারির হাজারো সমর্থকের গায়ে তার নাম লেখা জার্সি। বড় পর্দায় মুখ ভেসে উঠলেই গর্জে উঠছিল পুরো স্টেডিয়াম।
আর বল পায়ে পাওয়ার পর যেন বদলে গেল স্পেনের চেহারা। গত ম্যাচে যে দলে ছিল না গতি ও তীক্ষ্ণতা, সেই দলই এবার খেলল সাহসী, আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী ফুটবল। সৌদি আরবকে ৪–০ গোলে বিধ্বস্ত করার ম্যাচে সব আলো কেড়ে নিলেন ইয়ামাল।
প্রথম বিশ্বকাপ ম্যাচেই নিজের প্রথম গোলটি করেন স্পেনের এই তরুণ। নিচু ক্রস থেকে পিছনের পোস্টে আসা বল জালে জড়িয়ে দেন তিনি। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে আটলান্টার স্টেডিয়াম।
এই গোলের মাধ্যমে ইয়ামাল ইতিহাসেও জায়গা করে নেন। ১৯ বছর পূর্ণ হওয়ার আগে বিশ্বকাপে গোল করা সপ্তম ফুটবলার তিনি। আর ১৮ বছর বা তার কম বয়সে বিশ্বকাপ ম্যাচে প্রথম গোল করা মাত্র দ্বিতীয় খেলোয়াড়। এর আগে ১৯৫৮ সালে ১৭ বছর বয়সে ব্রাজিলের হয়ে এই কীর্তি গড়েছিলেন পেলে।
বিশ্বকাপে নিজের প্রথম গোলে মেসিকেও ছাড়িয়ে গেছেন ইয়ামাল। মেসি ১৮ বছর ৩৫৭ দিন বয়সে বিশ্বকাপে নিজের প্রথম গোল করেছিলেন। অপরদিকে ইয়ামালের প্রথম গোল এসেছে ১৮ বছর ৩৪৩ দিনে।
ইয়ামালের প্রশংসায় পঞ্চমুখ সাবেক ইংল্যান্ড অধিনায়ক ওয়েন রুনি। তার মতে, বার্সেলোনা ও স্পেন-দুই দলই এখন ইয়ামালের দল।
রুনি বলেন, ‘মেসি যখন বার্সেলোনায় এসেছিল, তখন দলে রোনালদিনিয়োর মতো তারকারা ছিলেন। কিন্তু ইয়ামাল এসে বার্সেলোনা ও স্পেন-দুই জায়গাতেই মূল ভরসা হয়ে উঠেছে। সবাই তার দিকেই তাকিয়ে থাকে। এত কম বয়সে চাপ নেওয়ার ক্ষমতাই আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে।’
তবে সতর্কবার্তাও আছে। সাবেক কোচ টমাস ফ্রাঙ্কের মতে, প্রতিভার পাশাপাশি বিনয় ধরে রাখাটাই হবে ইয়ামালের সবচেয়ে বড় পরীক্ষা!