রামগঞ্জে ছাত্রাবাসে শিক্ষার্থী হত্যা , শিক্ষক ও ছাত্র গ্রেফতার
লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ছাত্রাবাসে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান (১৪) হত্যা মামলায় এক শিক্ষক ও এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার (২২ জুন) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তদন্তের স্বার্থে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
গত ১৬ জুন বিকেলে ফরিদ আহমেদ ভুঁইয়া একাডেমির আবাসিক হল থেকে মেহেদীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তবে তার পিঠ ও গলায় আঘাতের চিহ্ন ছিল। জানা গেছে, একটি আইফোন চুরিকে কেন্দ্র করে অভিযুক্তদের মারধরের কারণেই মেহেদীর মৃত্যু হয়। নিহত মেহেদী রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজার এলাকার ব্যবসায়ী জিয়া উদ্দিনের ছেলে।
মেহেদীর মৃত্যুর পর বিক্ষুব্ধ এলাকাবাসী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকসহ কয়েকটি কক্ষ ভাঙচুর করে। পরবর্তীতে ১৮ জুন নিহতের বাবা জিয়া উদ্দিন বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ খন্দকার আব্দুল মান্নান এবং ৭ জন শিক্ষার্থীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর মূল অভিযুক্ত অধ্যক্ষ খন্দকার আব্দুল মান্নানকে অপসারণ করা হয়েছে এবং জ্যেষ্ঠ প্রভাষক শরীফুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173434