করতোয়া কুরিয়ার-এর কর্মকর্তা ও মাঠকর্মীদের পেমেন্ট ডিজিটাইজেশন হলো বিকাশ-এ

করতোয়া কুরিয়ার-এর কর্মকর্তা ও মাঠকর্মীদের পেমেন্ট ডিজিটাইজেশন হলো বিকাশ-এ

এখন থেকে দেশের শীর্ষস্থানীয় কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান করতোয়া এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারী ও মাঠকর্মীদের যাবতীয় বেতন, মজুরি ও অন্যান্য পেমেন্ট সরাসরি বিতরণ করা হবে বিকাশ-এর মাধ্যমে। এর ফলে দেশব্যাপী কুরিয়ার প্রতিষ্ঠানটির কার্যক্রমের আর্থিক ব্যবস্থাপনা হয়ে উঠবে আরও সহজ, স্বচ্ছ ও নিরাপদ। একই সাথে সুবিধাভোগীরা নিজ নিজ বিকাশ অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে অর্থ গ্রহণ করে তা প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় ব্যবহার করতে পারবেন।

সম্প্রতি বিকাশ-এর প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। করতোয়া’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন করতোয়া কুরিয়ার সার্ভিস এর প্রোপ্রাইটর ও দৈনিক করতোয়ার সম্পাদক মোঃ মোজাম্মেল হক, দৈনিক করতোয়া’র এক্সিকিউটিভ এডিটর তাসলিমা হক রাকা, সিইও মোঃ খালেকুজ্জামান এবং ঢাকার করতোয়া কুরিয়ার ম্যানেজার রাজিব হোসেন।

বিকাশ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, ইভিপি ও হেড অফ পেরোল বিজনেস এটিএম মাহবুব আলম এবং জেনারেল ম্যানেজার অফ পেরোল বিজনেস মোঃ আসাদুন নবি।

এই চুক্তির অধীনে করতোয়া কুরিয়ার সার্ভিস তার দেশব্যাপী ছড়িয়ে থাকা কর্মকর্তা-কর্মচারীদের বেতন, মাঠকর্মী ও পরিবহন চালকদের পেমেন্ট, লোডার-আনলোডারদের দৈনিক মজুরি এবং লজিস্টিকস সংক্রান্ত অন্যান্য করপোরেট পেমেন্ট সরাসরি বিকাশ অ্যাকাউন্টে পাঠাতে বিকাশ-এর ‘ডিসবার্সমেন্ট সলিউশন’ ব্যবহার করবে।

এর মাধ্যমে মাঠ পর্যায়ে আর্থিক ব্যবস্থাপনা যেমন দ্রুত, নিরাপদ ও কার্যকর হবে, তেমনি ক্যাশ টাকার ব্যবহার কমে পরিচালনগত জটিলতাও হ্রাস পাবে। আগামীতে ডিজিটাল ক্যাশ কালেকশনসহ আরও বহুমুখী ও আধুনিক সেবা চালুর মাধ্যমে এই অংশীদারিত্বকে সম্প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এদিকে, এই সেবার সুবিধাভোগীরা দেশজুড়ে ছড়িয়ে থাকা বিকাশ এজেন্ট পয়েন্ট বা এটিএম বুথ থেকে সহজেই তাদের প্রয়োজনমতো অর্থ যেকোনো সময় ক্যাশ আউট করে নিতে পারবেন। ক্যাশ আউট-এর পাশাপাশি তারা বিকাশ দিয়েও বিভিন্ন ধরনের পেমেন্ট, গ্যাস-বিদ্যুৎ-পানির মতো ইউটিলিটি সেবার বিল পরিশোধ, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি সেবার ফি পরিশোধ, সেভিংস খোলা, লোন নেয়া, রেমিটেন্স গ্রহণ, ই-টিকেটিং, অনুদান প্রদানসহ বিভিন্ন ধরনের সেবা নিতে পারবেন প্রয়োজন অনুযায়ী।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173390