উন্নত জাতের লাউ চাষ করে সফল দিনাজপুরের মিজানুর

উন্নত জাতের লাউ চাষ করে সফল দিনাজপুরের মিজানুর

দিনাজপুর জেলা প্রতিনিধি : সুপার গ্রিন জাতের লাউ চাষ করে সফল হয়েছেন দিনাজপুর জেলার খানসামা উপজেলার পাকেরহাট গ্রামের যুবক মিজানুর রহমান (৩২)। আজ রোববার (২১ জুন) তার লাউক্ষেত সরেজমিনে পরিদর্শন করেছেন দিনাজপুর কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আসাদুজ্জামান। এ সময় তিনি ওই যুবকের লাউ চাষে সফলতা অর্জনের বিষয়টি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

তিনি বলেন, আধুনিক ও জৈব পদ্ধতিতে চাষ করা এই লাউ ইতোমধ্যে বাজারে ভালো সাড়া ফেলেছে। অল্প খরচে বেশি লাভ হওয়ায় তার এ উদ্যোগ স্থানীয় কৃষকদের মধ্যেও আগ্রহ সৃষ্টি করেছে। খানসামা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ নাসিব আহমেদ খাঁন জানান, দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের জৈব সার ব্যবহারে ও আধুনিক পদ্ধতিতে সবজি উৎপাদনে উৎসাহিত করছে।

এর অংশ হিসেবে উপজেলার কয়েকটি গ্রামের যুবকদের উন্নত জাতের সুপার গ্রিন লাউ চাষে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। মিজানুর রহমান মাত্র ২১ শতক জমিতে জৈব সার ব্যবহার করে সবজি উৎপাদনের একটি প্রদর্শনী প্লট স্থাপন করেন। সেখানে সুপার গ্রিন জাতের লাউ চাষ করে তিনি সফল হয়েছেন।

মিজানুর রহমান জানান, চলতি মৌসুমে তিনি এক একর অর্থাৎ ১০০ শতক জমিতে সুপার গ্রিন জাতের লাউ চাষ করেছেন। এর মধ্যে ২১ শতক জমিতে জৈব পদ্ধতিতে প্রদর্শনী কার্যক্রম পরিচালিত হচ্ছে। লাউ চাষে তার মোট ব্যয় হয়েছে প্রায় ৪৮ হাজার টাকা। এই ব্যয়ের মধ্যে বীজ, মাচা তৈরি, জৈব সার, শ্রমিক ও পরিচর্যা খরচ অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি জানান, তার ক্ষেত থেকে লাউ বাজারে বিক্রি করে তিনি প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা আয় করেছেন। জমিতে এখনও পর্যাপ্ত পরিমাণ লাউ রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে অবশিষ্ট ফলন বিক্রি করে প্রায় ২ থেকে ৩ লাখ টাকা আয় হবে বলে আশা প্রকাশ করেছেন। স্থানীয় কৃষক ফজলে হক জানান, মিজানুরের এই সাফল্য দেখে অনেকেই আগামী মৌসুমে সুপার গ্রিন জাতের লাউসহ অন্যান্য সবজি চাষে আগ্রহী হচ্ছেন।

খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার বলেন, সুপার গ্রিন জাতের লাউ একটি উচ্চ ফলনশীল জাত। রোগ-বালাই তুলনামূলক কম হওয়ায় এই জাতের লাউ চাষে ঝুঁকি নেই বললেই চলে। সঠিক সময়ে এই উন্নত জাতের লাউ চাষ ও নিয়মিত পরিচর্যা করলে অল্প জমিতে ভালো লাভবান হওয়া সম্ভব।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173384