লালমনিরহাটে উৎপাদন খরচ বেড়েছে শ্রম, বাড়েনি ভুট্টার দাম
লালমনিরহাট প্রতিনিধি: উৎপাদন খরচ বেড়েছে, বেড়েছে শ্রম ও দুশ্চিন্তাও। কিন্তু সেই অনুপাতে বাড়েনি ভুট্টার দাম। গেল বছরের তুলনায় এবার বাজারে ভুট্টার দাম কমে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন রংপুর অঞ্চলের হাজারো কৃষক।
তিস্তা, ধরলা ও ব্রক্ষপুত্র নদীবেষ্টিত বিস্তীর্ণ চরাঞ্চলের কৃষকেরা বলছেন, এবার বীজ, সার, ডিজেল ও শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় প্রতি বিঘায় অতিরিক্ত দুই থেকে আড়াই হাজার টাকা ব্যয় হয়েছে। অথচ বাজারে প্রতিকেজি ভুট্টা বিক্রি করতে হচ্ছে গত বছরের তুলনায় ২ থেকে ৩ টাকা কম দামে।
গেল বছর এসময়ে স্থানীয় বাজারে প্রতি কেজি ভুট্টা বিক্রি হয়েছিল ২৯ থেকে ৩০ টাকা দরে। কিন্তু চলতি মৌসুমে সেই ভুট্টাই বিক্রি হচ্ছে ২৭ থেকে ২৮ টাকায়। কৃষকদের অভিযোগ, উৎপাদন খরচ বাড়লেও বাজারে কাক্সিক্ষত দাম না পাওয়ায় তাদের লাভের পরিমাণ অনেক কমে গেছে।
কৃষকেরা জানান, চলতি মৌসুমে সময়মতো সার ও ডিজেল পাওয়া যায়নি। অনেক ক্ষেত্রে বেশি দাম দিয়েও চাহিদামতো সার সংগ্রহ করতে পারেননি তারা। এতে সেচ ও পরিচর্যায় ব্যাঘাত ঘটে। অধিকাংশ কৃষক আশা করেছিলেন, এবার প্রতিকেজি ভুট্টা অন্তত ৩১ থেকে ৩২ টাকা দরে বিক্রি করতে পারবেন। কিন্তু বাজার পরিস্থিতি তাদের সেই আশা পূরণ করেনি।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীর চর গড্ডিমারী এলাকার কৃষক আলম সরকার বলেন, এবার ২২ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। গত বছর তার আবাদ ছিল ২০ বিঘা জমিতে। প্রতি বিঘায় এবারও প্রায় ৩৭ মণ ফলন পেয়েছেন। তবে উৎপাদন খরচ বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
কাকিনা চাপারতল এলাকার ব্যবসায়ী আশরাফুল হক বলেন, গেল বছরের ভুট্টা এখনো গুদামে আছে। ফিড মিলগুলো থেকে আগের মতো চাপ দিয়ে ভুট্টা কেনা হচ্ছে না। তাই আমরা কৃষকদের কাছ থেকে ২৭-২৮ টাকা কেজিতে ভুট্টা কিনছি। এখন বাজারে চাহিদা কিছুটা কম থাকলেও মাসের মাঝামাঝি থেকে দাম বাড়তে পারে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে দেশে ৬ লাখ ৬৬ হাজার হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ লাখ ৭৯ হাজার টন। গত অর্থবছরে ৬ লাখ ৭৮ হাজার হেক্টর জমিতে আবাদ করে উৎপাদন হয়েছিল ৭৩ লাখ ৯৯ হাজার টন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দায়িত্বশীল সূত্র জানায়, রংপুর অঞ্চলের প্রায় ৯০ শতাংশ ভুট্টা উৎপাদিত হচ্ছে তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমারসহ ২৬টি নদ-নদীর চরাঞ্চলে। ভুট্টাচাষ এখন চরাঞ্চলের মানুষের জীবনমান বদলে দিচ্ছে। সূত্রটির মতে, ভুট্টা শুধু অর্থকরী ফসল নয়, এর মোচাও কৃষকদের জন্য বাড়তি আয়ের উৎস। সামনের দিনে চাহিদা বাড়লে কৃষকেরা আরও ভালো দাম পাবেন বলে আশা করা যাচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173375