প্লাস্টিকের পরিবেশগত সমস্যা নিয়ে জয়পুরহাটে স্কুল ক্যাম্পেইন
জয়পুরহাট প্রতিনিধি: বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) উদ্যোগে জয়পুরহাটে "একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশগত সমস্যা" শীর্ষক একটি সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২১ জুন) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট সদরের দাদরা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। দাদরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলামের সভাপতিত্বে এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উপমা সমাজ উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক ও বেলার নেটওয়ার্ক মেম্বার সুজন কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বেলার রাজশাহী ও রংপুর বিভাগের বিভাগীয় অফিসার সাইফুল ইসলাম সুমন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বেলার বিভাগীয় অ্যাকাউন্টস অফিসার মতিউল আলম ও সিনিয়র সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু। এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেয় রাকিবুল হাসান, শিনহা আক্তার মিনি ও হাসিব।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ বর্তমানে সারা বিশ্বের মতো বাংলাদেশেও একটি গুরুতর পরিবেশগত সংকটে পরিণত হয়েছে। অনিয়ন্ত্রিতভাবে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার এবং যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে নদী-নালা, খাল-বিল, জলাশয়, কৃষিজমি ও নগর পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে যেমন জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে, তেমনি জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনস্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।
ক্যাম্পেইনের শুরুতে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও এর প্রতিকার বিষয়ে একটি সচেতনতামূলক তথ্যচিত্র (ভিডিও) প্রদর্শন করা হয়। ব্যতিক্রমী এই আয়োজনে দাদরা উচ্চ বিদ্যালয়ের মোট ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয় এবং প্লাস্টিক দূষণমুক্ত একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও টেকসই ভবিষ্যৎ গঠনে আগামী প্রজন্মকে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173363