লক্ষ্মীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী-শাশুড়িসহ আটক ৩
লক্ষ্মীপুরের রামগতিতে শ্বশুর বাড়িতে মারিয়া জাহান মীম (১৬) নামে এক কিশোরী গৃহবধূকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী মাহিম হোসেনসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
আজ রোববার (২১ জুন) বিকেলে র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. মুহিত কবীর সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিহত মীম রামগতি উপজেলার চরসেকান্তর গ্রামের আব্দুল মালেকের মেয়ে।
আটককৃতরা হলেন- নিহতের স্বামী ও রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামের প্রবাসী মোহাম্মদ হানিফের ছেলে মাহিম হোসেন, শাশুড়ি মাহিনুর বেগম এবং দেলোয়ার হোসেন সোহাগ।
র্যাব ও স্থানীয় সূত্র জানায়, গত ৯ জুন শ্বশুর বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর থেকেই স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক ছিলেন। দুইদিন পর নিহতের মা বাদী হয়ে রামগতি থানায় মামলা করেন। পরে গতকাল শনিবার (২০ জুন) দিবাগত রাতে রাজধানীর সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব।
মীমের চাচা রাকিব হোসেন জানান, প্রায় ৭ মাস আগে প্রেমের সম্পর্কে মীম ও মাহিম পালিয়ে বিয়ে করলে মীমের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। সম্প্রতি মাহিমের বাবা দেশে আসেন। পরে বিয়ের বিষয়টি মেনে নেওয়ার জন্য উভয়পক্ষ সম্মত হলেও কাবিনের টাকা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এছাড়া পারিবারিক বিরধও ছিল। এর জেরেই মীমকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।
র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. মুহিত কবীর সেরনিয়াবাত বলেন, তিন আসামিকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রামগতি থানায় হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173355