চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে ভারত থেকে আমদানিকৃত পাথরবোঝাই একটি বাংলাদেশি ট্রাক থেকে ১ কোটি ৮ হাজার টাকা মূল্যের ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিজিবি। আটক ব্যক্তি হলো- শিবগঞ্জের কানসাট বাজিতপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মাহফুজুর রহমান(২৩)। গত শনিবার রাতে অভিযানটি চালানো হয়।
এর আগে গত ১৯ জুন একই সীমান্তে একটি পুকুরে কচুরীপানার মধ্যে লুকানো ভারত থেকে চোরাইপথে আনা ২৫ লাখ ৯১ হাজার টাকা মূল্যের ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ করে বিজিবি। এর আগে গত ১৭জুন শিবগঞ্জের কানসাট এলাকার একটি কুরিয়ার সার্ভিস ও সোনামসজিদ বন্দরের বিভিন্ন গোডাউন থেকে ৪৭ লাখ ৫২ হাজার ৫শ’ টাকা মূল্যের ভারত থেকে চোরাচালানে আনা যানবাহনের যন্ত্রাংশ জব্দ করে পুলিশ এবং এ ঘটনায় একজন গ্রেফতার হয়। এনিয়ে গত ১৭ থেকে ২০ জুন পর্যন্ত মাত্র ৪ দিনে বিজিবি ও পুলিশের ৩টি অভিযানে ১ কোটি ৭৩ লাখ ৫১ হাজার ৫শ’ টাকা মূল্যের ভারতীয় যানবাহনের যন্ত্রাংশসহ ২ জন গ্রেফতার হয়।
বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে গত শনিবার রাত পৌনে ৯টায় সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল মেইন আন্তর্জাতিক সীমান্তে পিলার ১৮৫/১ হতে প্রায় ৮শ’ গজ বাংলাদেশের ভেতরে শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের উপর একটি ট্রাকে তল্লাশি চালায়। এসময় ১০ টন পাথরের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ সহ মাহফুজুর রহমানকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অধিনায়ক লে.কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবি চোরচালান দমনে কাজ করে যাচ্ছে। গত শনিবার ১ কোটি ৮ হাজার টাকা মূল্যের ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এর আগের দিন গত শুক্রবারও ২৫ লাখ ৯১ হাজার টাকা মূল্যের ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ করে কাস্টমসে জমা করা হয়েছে।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত ১৭ জুন শিবগঞ্জ থানায় ভারতীয় যন্ত্রাংশসহ সোনামসজিদ বন্দর এলাকার একজনকে আটকের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ৫জনের নামে মামলা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173303