জয়পুরহাটের কালাইয়ে রাস্তায় ভ্যান রাখা নিয়ে সংঘর্ষে আহত ১১

জয়পুরহাটের কালাইয়ে রাস্তায় ভ্যান রাখা নিয়ে সংঘর্ষে আহত ১১

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে রাস্তায় ধানবোঝাই ভ্যান রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। গতকাল শনিবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের তালোড়া বাইগুনী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাতে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিবেশ শান্ত রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।   

আহতরা হলেন-মাহমুদুল হাসান মেহেদুল, আবু জাফর মো. সৌরভ, তুষার হোসেন, আনোয়ার হোসেন, আরাফাত হোসেন, আরিফুল ইসলাম, আতিকুল ইসলাম, আব্দুল মোত্তালেব, হবিবর রহমান, দুদু মিয়া ও মজিদা বিবি। তাদের মধ্যে আতিকুল ইসলাম ও আবু জাফর মো. সৌরভ গুরুতর আহত হওয়ায় চিকিৎসকরা তাদের দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) দীপেন্দ্রনাথ সিংহ। 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার রাতে ভ্যান চালক আতিকুল ইসলাম তার ভ্যানে ধানবোঝাই করে রাস্তায় দাঁড় করিয়ে রাখেন। এসময় গ্রামের ভিতর থেকে আবু জাফর মো. সৌরভ তার মোটরসাইকেল নিয়ে বাইগুনী চারমাথা বাজারে যাওয়ার উদ্দেশ্য বের হন। রাস্তায় ধানবোঝাই ভ্যান দেখে আবু জাফর মোটরসাইকেল দাড় করিয়ে টানা হর্ন দিতে থাকেন। এসময় ভ্যান চালক আতিকুল ইসলাম তড়িঘড়ি করে এসে ধানবোঝাই ভ্যান সামনের দিকে এগুতে থাকের। তারপরও মোটরসাইকেল চালক আবু জাফর হর্ন বাজান, এতে ভ্যান চালক বিরক্ত হয়ে হর্ন বাজাতে নিষেধ করেন। এসময় ক্ষিপ্ত হয়ে আবু জাফর মোটরসাইকেল থেকে নেমে এসে তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামের ভিতর থেকে উভয়পক্ষের লোকজন একত্রিত হয়ে সংর্ঘষে জড়ান। এতে এক নারীসহ কমপক্ষে ১১ জন আহত হন।  
আতিকুল ইসলামে মামা জহুরুল ইসলাম বলেন, আমার ভাগ্নে শুধু বলেছে, ‘ভ্যান সরাইতেতো একটু সময় লাগবেই। আপনি তো কোনো সময় দিচ্ছেন না। এতো অধৈর্য হতে হবে কেন।’ এতে ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল চালক আবু জাফর ভাগ্নেকে বেদম মারপিট করে। পরে তাদের লোকজন এসে আরও চারজনকে মারপিট করে আহত করে। আমার ভাগ্নো অবস্থা খুবই খারাপ। তাকে বগুড়াতে ভর্তি করা হয়েছে। আমরা মামলা করবো। 
আহত আবু জাফরের মামা আমজাদ হোসেন বলেন, ভ্যান সরাতে বলায় আতিকুল আমার ভাগ্নেকে গালিগালাজ করে। পরে দু’জনের মধ্যে হাতিহাতি হয়। আবার তাদের লোকজন এসে আমাদের আরও ছয়জনকে মারপিট করেছে। আমার ভাগ্নের অবস্থা ভালো না। তাকে বগুড়া হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 
সংঘর্ষের ঘটনায় এক নারীসহ ১১ জন আহত হওয়ার বিষয় নিশ্চিত করে কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) দীপেন্দ্রনাথ সিংহ বলেন, ওই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ওই এলাকায় পরিবেশ শান্ত রয়েছে।    

 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173262