বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ৫শ” শয্যায় উন্নীত হচ্ছে
স্টাফ রিপোর্টার : বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও অবকাঠামো সম্প্রসারণের লক্ষ্যে হাসপাতাল পরিচালনা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২০ জুন) বেলা ১১টায় হাসপাতালের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালনা কমিটির নবনিযুক্ত সভাপতি ও বগুড়া সদর (বগুড়া-৬) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। সভায় জানানো হয়, হাসপাতালটিকে ৫শ’ শয্যায় উন্নীতকরণের জন্য দ্রুতই নতুন অবকাঠামো নির্মাণকাজ শুরু করা হবে। হাসপাতালের পূর্ব পাশে অবস্থিত হাসপাতালের নিজস্ব মাঠে এই নতুন বহুতল ভবন ও অবকাঠামো নির্মিত হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এর পাশাপাশি চিকিৎসা সেবার আধুনিকায়নে আরেকটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালের যে ওয়ার্ডটি পূর্বে বার্ন ইউনিটের জন্য নির্ধারিত করা হয়েছিল, সেটিকে এখন আধুনিক আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ওয়ার্ডে রূপান্তর করা হবে। এই আইসিইউ ওয়ার্ডটি পরিচালনার জন্য প্রয়োজনীয় আধুনিক সরঞ্জামাদি ও দক্ষ জনবল চেয়ে খুব শীঘ্রই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে বলে হাসপাতাল প্রশাসন নিশ্চিত করেছে। সভায় উপস্থিত বক্তারা হাসপাতালের সেবার মান নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন। বিশেষ করে রোগীদের সার্বক্ষণিক ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও নার্সদের কর্মস্থলে নিয়মিত ও সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলেও সভায় সতর্ক করা হয়। এছাড়া হাসপাতালে নার্সসহ অন্যান্য লোকবল বাড়ানোর উপর জোর দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুজিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, জেলা সিভিল সার্জন ডা. খুরশিদ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আল মামুন হক, বিএমএ বগুড়ার আহবায়ক ডা. আসফারুল হাবীব রোজ, বগুড়া সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান, ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক রাশেদুল ইসলাম রনি, সাইফুর রহমান শাহীন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক আনোয়ারা খাতুন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিস ও সমাজসেবা অফিসের প্রতিনিধিবৃন্দ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173220