যুদ্ধবিরতি মাঝেই লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫

যুদ্ধবিরতি মাঝেই লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননে বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এনএনএ) জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৯ জুন) রাতভর এবং শনিবার সকাল পর্যন্ত নাবাতিয়েহ অঞ্চলের বিভিন্ন স্থানে ইসরাইলি যুদ্ধবিমান ও ড্রোন একাধিক হামলা চালায়। এতে আবাসিক ভবন ও ঘরবাড়ি ধ্বংস হয়েছে। হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইসরাইলের হামলার কয়েক ঘণ্টা আগেই ইসরাইল ও হিজবুল্লাহ নতুন করে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, কয়েক ঘণ্টার তীব্র হামলা পাল্টা হামলার পর ইসরাইল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যা আজ শুক্রবার (১৯ জুন) স্থানীয় সময় বিকেল ৪টা থেকে কার্যকর হয়েছে। সংবাদ সংস্থাটি বলেছে, ‘হিজবুল্লাহ ও ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে,’ নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও কাতারের আলোচকরা ইরানের সহায়তায় এই চুক্তি করেছে।

কয়েক মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসানে গত বুধবার (১৭ জুন) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে ‘লেবাননসহ সকল রণাঙ্গনে’ সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার কথা থাকলেও ইসরাইল লেবাননে হামলা চালিয়ে যায় যা ওয়াশিংটন-তেহরান চুক্তি হুমকির মুখে ফেলেছে। এদিকে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরাইল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে নতুন দফার আলোচনা হবে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে ফোনে কথা বলেছেন। এসময় তিনি জোর দিয়ে বলেন, ইসরাইলের সঙ্গে লেবাননের দ্বিপক্ষীয় আলোচনা দেশটির পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার ও সহিংসতা অবসানের একমাত্র বাস্তবসম্মত পথ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173196