দ্বিতীয় রাউন্ডেই জার্মানির বিপক্ষে লড়তে হতে পারে ব্রাজিলকে
বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচের খেলা শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার। ৪৮ দলের বিশ্বকাপের উদ্বোধনী দলের ম্যাচগুলোর ফলাফল বিবেচনা করে বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী পরের রাউন্ডেই ব্রাজিল বনাম জার্মানির হাইভোল্টেজ লড়াই হতে পারে।
অবশ্য গ্রুপ পর্বের এখনো দুটি ম্যাচ বাকি। তবে বিশ্বকাপের শেষ ৩২–এ প্রতিপক্ষ নির্ধারণের বিন্যাসে জার্মানির সঙ্গে ব্রাজিলের দেখা হওয়ার একটা সম্ভাবনা তো আছেই। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করা ব্রাজিল আগামীকাল মুখোমুখি হবে হাইতির। বিশ্বকাপের ‘সি’ গ্রুপে আগামী শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। স্কটল্যান্ড তাদের প্রথম ম্যাচে হাইতিকে ১–০ গোলে হারিয়ে শীর্ষে আছে। মরক্কো ও ব্রাজিল নিজেদের ম্যাচটি ১–১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে। ফেয়ার প্লেতে দ্বিতীয় স্থানে মরক্কো, ব্রাজিল তিনে।
পয়েন্ট টেবিলে শীর্ষে উঠতে হলে হাইতির বিপক্ষে পুরো তিন পয়েন্ট জয়ের বিকল্প নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। হাইতির বিপক্ষে তিন পয়েন্ট পেতে ব্যর্থ হলে এবং এরপর স্কটল্যান্ডের কাছেও হোঁচট খেলে গ্রুপ পর্বে হয়ত তিন থেকে শেষ করতে হবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের।
বর্তমানে ব্রাজিল জাতীয় দল তাদের গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে। যা সরাসরি পরের রাউন্ডে যাওয়ার কোয়ালিফিকেশন জোনের বাইরে (শুধু প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী দলগুলো সরাসরি কোয়ালিফাই করবে)। অবশ্য এরপরও অন্যতম সেরা তৃতীয় দল হিসেবে সেলেসাওদের পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকছে।
গ্রুপ পর্ব শেষে নিজ নিজ গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর মধ্য থেকে সেরা আটটি দল ভাগ্য নির্ধারণ করবে। তবে এই সেরা আটটি দলের প্রতিপক্ষ কারা হবে, তা নির্ধারিত হবে পূর্ব–নির্ধারিত পজিশনের একটি জটিল বিন্যাসের ওপর ভিত্তি করে। এমন সম্ভাব্য কম্বিনেশন রয়েছে মোট ৪৯৫টি।
প্রথম পর্ব শেষে ১২টি দল তাদের গ্রুপে তৃতীয় স্থানে থাকবে, যার মধ্যে সেরা ৮টি দল টুর্নামেন্টে টিকে থাকবে এবং বাকি ৪টি দল বিদায় নেবে। তবে এই সেরা আটের তালিকায় ঠিক কত নম্বরে থেকে দলগুলো কোয়ালিফাই করছে, তা কিন্তু প্রতিপক্ষ নির্ধারণে চূড়ান্ত ভূমিকা রাখবে না।
ফিফার তৈরি করা এই কম্বিনেশনের হিসাবটি মূলত করা হয় তৃতীয় স্থান পাওয়া দলগুলো কোন কোন গ্রুপ থেকে এসেছে তার ওপর ভিত্তি করে, সেরা তৃতীয়দের টেবিল বা র্যাংকিংয়ে তাদের চূড়ান্ত পজিশন দেখে নয়। অর্থাৎ, আপনি সেরা তৃতীয়দের তালিকায় প্রথম হলেন নাকি অষ্টম—তা দ্বিতীয় পর্বের ড্র–তে কোনো প্রভাব ফেলবে না।
ব্রাজিলের গ্রুপের ক্ষেত্রে, তৃতীয় হওয়া দলটির মুখোমুখি হতে পারে গ্রুপ ‘এ‘, গ্রুপ ‘ই‘ অথবা গ্রুপ ‘আই‘-এর চ্যাম্পিয়ন দলের বিপক্ষে—যা মূলত নির্ভর করবে অন্য কোন কোন গ্রুপ থেকে তৃতীয় দলগুলো কোয়ালিফাই করছে তার ওপর। আর বর্তমান কম্বিনেশন অনুযায়ী, ব্রাজিলকে লড়তে হবে গ্রুপ ‘ই‘-এর শীর্ষ দল জার্মানির বিপক্ষে।
প্রথম রাউন্ডে মরক্কোর সাথে ১–১ গোলে ড্র করেছিল ব্রাজিল। আর এই ফলাফলের ওপর ভিত্তি করেই বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষে তৃতীয় স্থান পাওয়া দলগুলোর মধ্যে ব্রাজিলের অবস্থান এখন দ্বিতীয় সেরা। তাদের ওপরে আছে কেবল নেদারল্যান্ডস, যারা জাপানের সঙ্গে ২–২ গোলে ড্র করেছিল। অন্যদিকে, কুরাসাওকে ৭–১ গোলে উড়িয়ে দিয়ে প্রথম পর্বের সবচেয়ে বড় জয়টি তুলে নিয়েছে জার্মানি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173165