বগুড়ার সান্তাহারে ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বগুড়ার সান্তাহারে ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ট্রেনটি বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে রেলওয়ে থানা পুলিশ তার মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের পরিচয় এখনও  পাওয়া যায়নি

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস আন্ত:নগর ট্রেন সান্তাহার জংশন স্টেশনে পৌঁছালে ট্রেনটির ছাদে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্টেশনে থাকা যাত্রীরা। রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে। তবে রেল পুলিশের ধারণা, ওই যুবক ছাদে ভ্রমণ করতে গিয়ে পথের কোনো এক জায়গায় দুর্ঘটনার শিকার হন।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব জানান, আজ শুক্রবার (১৯ জুন) সকালে অজ্ঞাত ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে পুলিশ কাজ করছে। তিনি আরও বলেন, মরদেহের ঘাড়ে ছোট একটি আঘাতের চিহ্ন, পিঠে ক্ষত এবং নাক দিয়ে রক্তক্ষরণের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173158