বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থীদের কৌশলে আগাম প্রচারণা

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থীদের কৌশলে আগাম প্রচারণা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীরা কৌশলে আগাম প্রচারনায় নেমেছেন। পৌরসভার জনবহুল এলাকায় নিজ ছবি সম্বোলিত পোস্টার, ব্যনার টাঙিয়ে প্রার্থীতা জানান দেওয়ার পাশাপাশি পৌরবাসীর দোয়া চাচ্ছেন। বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেদের প্রার্থীতা জানানও দিচ্ছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে নতুন সরকার দেশ পরিচালনা দায়িত্ব গ্রহনের পর থেকেই স্থানীয় নির্বাচন নিয়ে গুঞ্জন চলছে। এদিকে সরকার চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর-অক্টোবরে  ৫টি স্তরে পর্যায়ক্রমে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

আগামী এক বছরের মধ্যেই ইউনিয়ন পরিষদ, পৌরসভা,উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এদিকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রোড়ম্যাপের ঘোষণা না হলেও, বিএনপি’র অভ্যন্তরে প্রার্থী বাছাই নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় প্রার্থী চূড়ান্ত করার জন্য তিনটি মানদন্ড ঠিক করা হয়েছে।

পাশাপাশি সংসদ নির্বাচনের মতো স্থানীয় পর্যায়েও জোটবদ্ধ ভোট করা যায় কিনা দলের নীতিনির্ধারকরা চিন্তাও করছেন। স্থানীয় সরকার নির্বাচনে চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হয়নি। এমনকি নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি ও দৃশ্যমান নয়। তবে ধাপে ধাপে ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে।

সরকারের এমন বার্তা দলের তৃণমূলেও পৌছে দেওয়া হয়েছে। এতেই বিএনপির সমর্থন প্রত্যাশি প্রার্থীরা ভোটের প্রস্তুতি শুরু করেছেন। দুপচাঁচিয়া পৌরসভার এই নির্বাচনকে সামনে রেখে বিএনপির ৫জন প্রার্থী দলের সমর্থীত প্রার্থী হতে চান। দলের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মেয়র প্রার্থী সমর্থনে সংসদ সদস্যদের শুরু করে দলের সিনিয়র কিংবা জুনিয়র কোনো পর্যায়ে কোনো নেতার দলের সিদ্ধান্তের বাহিরে যাওয়ার ক্ষমতা থাকবে না।

জনগণের কাছে গ্রহনযোগ্যতা, দলের প্রতি ত্যাগ ও অবদান এসবের অধিকতর যোগ্যতা বিবেচনায় নিয়ে প্রার্থীকে সমর্থন দেওয়া হবে। দলের নীতি নির্ধারনী পর্যায় থেকে আঞ্চলিকতা,গোষ্ঠীগত ব্যাপার এবং এলাকা বিবেচনায় নিয়ে বিচার, বিশ্লেষণ করে একক প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন। এরই মাঝেই বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা ভোটের প্রস্তুতি শুরু করেছেন।

বিএনপির পাশাপাশি জামায়াত ও এনসিপি প্রার্থীরাও বসে নেই। উপজেলা পৌরসভার এ নির্বাচনে বিএনপির সম্ভাব্য ৪ জন প্রার্থীসহ ৫ জন মেয়র প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তারা হলেন, সাবেক মেয়র উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলার ইউনুস আলী মহলদার মানিক, এছাড়াও এনসিপির প্রার্থী সাবেক কাউন্সিলার আবু বক্কর সিদ্দিক।

এরই মাঝে প্রার্থীরা বিভিন্ন সভা-সমাবেশসহ অনুষ্ঠানে অংশগ্রহন করে নিজেদের প্রার্থীতার ঘোষণা দিচ্ছেন। আবার অনেকেই সোস্যাল মিডিয়া ফেসবুকে নিজের প্রার্থীতা ঘোষণা দিয়ে দোয়াও চাচ্ছেন। এদিকে বিএনপির প্রার্থীরা দলীয় সমর্থন পেতে স্থানীয় সংসদ সদস্য ছাড়াও জেলা ও কেন্দ্রিয় নেতৃবৃন্দসহ তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সাথে যোগাযোগ অব্যাহত রাখছেন।

এর মাঝেই নিজেদের বিজয় সুনিশ্চিত করতে নির্বাচনী কৌশলে প্রচারণাও চালাচ্ছেন। উল্ল্যেখ্য দুপচাঁচিয়া পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৯১৯৭ জন। এদের মধ্যে পুরুষ ৯৩৬৭ জন আর মহিলা ৯৮৩০ জন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173157