গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের চাবি চাওয়াকে কেন্দ্র করে ছোট ভাই রাকিবের(২০) ছুরিকাঘাতে বড় ভাই সাকিব(২৪) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গতকাল বুধবার দিনগত রাত ৩টার দিকে পৌরসভার মাগুরা এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে রাকিব পলাতক রয়েছে বলে জানা যায়। নিহত সাকিব এলাকার এরশাদুল হক লিটনের ছেলে।

জানা যায়, গতকাল বুধবার রাত ১০টায় রাকিব তার বাবার কাছে মোটরসাইকেলের চাবি চায়। এসময় সাকিব তার বাবাকে মোটরসাইকেলের চাবি দিতে নিষেধ করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে রাতে রাকিব তার ভাই সাকিবকে উপুর্যুপরি ছুরিকাঘাত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিক ইকবাল জানান, শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। আহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে নিহতের বাবা এরশাদুল হক লিটন বাদি হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সেইসাথে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173067