বগুড়ায় যুবদল নেতাকে পেটানোর ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি
স্টাফ রিপোর্টার : বগুড়ায় যুবদল নেতাকে পেটানোর ঘটনায় বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শাহ আলম বাপ্পীকে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
জানা গেছে, বগুড়া মহানগরের নিশিন্দারা উত্তরপাড়ায় বিরোধপুর্ন জমিতে বাড়ি নির্মানকে কেন্দ্র করে গত বুধবার বেলা তিনটার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতা শাহ আলম বাপ্পীর নেতৃত্বে বগুড়া মহানগর যুবদলের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আইনুল শেখের উপর হামলা করা হয়। এসময় যুবদল নেতাকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করা হয়।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসংক্রান্ত একটি ভিডিও ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায় শাহ আলম বাপ্পী ধারালো অস্ত্র হাতে যুবদল নেতাকে কোপ দেয়ার চেষ্টা করছেন। তার অপর এক সহযোগী লোহার পাইপ দিয়ে যুবদল নেতা আইনুল শেখকে পেটাচ্ছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173063