বগুড়ায় বিসিকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন, ১৪ লাখ টাকার ঋণ বিতরণ

বগুড়ায় বিসিকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন, ১৪ লাখ টাকার ঋণ বিতরণ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে ৫ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ কোর্সের ৮ম ব্যাচের সমাপনী ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে বিসিক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিসিক জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাহাত রিটু, বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. বাচ্চু শেখ, নাসিব  বগুড়ার সহ-সভাপতি মো. একরামুল কবির সন্টু ও সফল উদ্যোক্তা তাহমিনা পারভীন শ্যামলী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পনগরী কর্মকর্তা শাহীনুর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-ব্যবস্থাপক আবু হাশেম। প্রশিক্ষণ কোর্স সমন্বয় করেন সম্প্রসারণ কর্মকর্তা মোছাম্মৎ মমতাজ বেগম। এবারের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সে মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। কোর্সটিতে তাঁদের ‘বিজনেস প্ল্যান’ (ব্যবসায়িক পরিকল্পনা) সহ ব্যবসা পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বাস্তবমুখী প্রশিক্ষণ প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “আমাদের দেশে অনেক শিক্ষিত যুবক ও যুবমহিলা আছেন যারা নতুন শিল্প বা ব্যবসা শুরু করতে চান, কিন্তু স্বল্প পুঁজিতে কীভাবে তা করতে হবে তার সঠিক নির্দেশনা পান না। মূলত তাঁদের জন্যই এই ‘উদ্যোক্তা উন্নয়ন’ কোর্সটি প্রণয়ন করা হয়েছে। যেকোনো শিল্প বা ব্যবসা শুরুর পূর্বেই তার সঠিক পরিকল্পনা করা দরকার।

এই কোর্সের মাধ্যমে উদ্যোক্তারা তাঁদের প্রতিষ্ঠানের বিপণন, উৎপাদন, সংগঠন ও আর্থিক বিষয়সমূহ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বাস্তব জ্ঞান অর্জন করেছেন।” বক্তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ শেষে উদ্যোক্তারা নতুন শিল্প প্রতিষ্ঠান অথবা ব্যবসা শুরু করতে এবং পরবর্তী সময়ে নতুন দৃষ্টিভঙ্গি ও দক্ষতার সাথে তা পরিচালনা করতে সক্ষম হবেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান প্রশিক্ষণপ্রাপ্ত ৫ জন সফল উদ্যোক্তার মাঝে মোট ১৪ লাখ টাকার ঋণের চেক বিতরণ করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173052