আওয়ামী লীগকে আর বাংলাদেশে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আওয়ামী লীগকে আর বাংলাদেশে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্টাফ রিপোর্টার: স্বৈরাচার আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিয়ে পতিত আওয়ামী লীগ আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার অপচেষ্টা চালাতে পারে।

এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। কিছু গোষ্ঠী স্বৈরাচারকে পুনর্বাসনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের অপচেষ্টা প্রতিরোধ করতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

চিকিৎসা সেবার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের পরিকল্পিত ছয় তলা ভবনকে আট তলায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের পাশের একটি বহুতল ভবন অধিগ্রহণ করে চিকিৎসা সেবা সম্প্রসারণের আওতায় আনার পরিকল্পনাও সরকারের রয়েছে। গত ১৭ বছরে বগুড়া রাজনৈতিক বৈষম্য ও উন্নয়ন বঞ্চনার শিকার হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে কাজ শুরু করার পর থেকেই একটি মহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম মাহবুবুর রহমান, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন এবং বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন মাফতুন আহমেদ খান রুবেল। উপস্থিত ছিলেন হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, আলী আজগর তালুকদার হেনা, ডা. আজফারুল হাবীর রোজ, আতিকুর রহমান বাদল, টিএমএসএসএর নির্বাহী পরিচালক অধ্যাপিকা হোসনে আরা বেগম  প্রমুখ।

আয়োজকরা জানান, দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এদিন সাধারণ মানুষের জন্য বিনামূল্যে হৃদরোগ বিষয়ক চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য মাফতুন আহমেদ খান রুবেল জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত আউটডোরে রোগীরা চিকিৎসা সেবা পাবেন।

হাসপাতাল পরিচালনা কমিটির পরিচালক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল জানান, বর্তমানে শিশু, নারী, হৃদরোগ ও অ্যাজমার মতো জটিল রোগের চিকিৎসা চলছে। আগামী জুলাই থেকে ৬ বেডের ইনডোর সার্ভিস চালু করা হবে এবং হাসপাতালটি ২৪ ঘণ্টা খোলা থাকবে। তিনি বলেন, বর্তমানে ফ্রি চিকিৎসা দেওয়া হলেও জুলাই থেকে ন্যূনতম ফি নিয়ে চিকিৎসা দেওয়া হবে।

এখানে আধুনিক ল্যাব সুবিধা থাকবে, যাতে রোগ নির্ণয়ের কোনো মেডিকেল টেস্টের জন্য রোগীদের বাইরে যেতে না হয়। এরপর বিকেলে প্রতিমন্ত্রী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা কমিটির সভায় যোগ দেন। তার আগে তিনি নিজ নির্বাচনী এলাকা শিবগঞ্জে কয়েকটি রাষ্ট্রীয় কাজে অংশ নেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/173051