সবকিছু এখনও শেষ হয়ে যায়নি : রোনালদো
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলে এবারও অনেক আশা নিয়ে খেলা শুরু করেছে পর্তুগাল। তবে শুরুটা ভালো হয়নি তাদের। কঙ্গোর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। অভিজ্ঞ ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়াও পর্তুগিজদের রুবেন নেভেস, রুবেন দিয়াস, ব্রুনো ফের্নান্দেস, বের্নার্দো সিলভা, রাফায়েল লেয়াওদের মতো তারকা খেলোয়াড় থাকার পরও জয় আসেনি। প্রথম ম্যাচে পয়েন্ট হারানো ও নিজের পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছেন ৪১ বছর বয়সী রোনালদো।
রোনালদোদের জন্য এই ড্র’টা অনেকটা হারের সমতূল্য। কঙ্গোর সঙ্গে হোঁচট খেয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্নে বড় ধাক্কাই লেগেছে পর্তুগালের। বিশ্বকাপ মিশনের শুরুতেই এমন হতাশাজনক ড্রয়ে সতীর্থদের মতো রোনালদোরও মন খারাপ। হতাশা ঘিরে ধরলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সতীর্থদের উদ্দেশে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। রোনালদো লিখেছেন, ‘এটা মোটেও সেই শুরু নয়, যা আমরা চেয়েছিলাম। তবে সবকিছু এখনও শেষ হয়ে যায়নি। মাথা উঁচু রেখেই পরের ম্যাচে পুরো মনোযোগ দিতে হবে।’
এছাড়া ম্যাচ শেষে রোনালদোর কাছে জানতে চাওয়া হয়, খেলোয়াড়দের নিবেদনে কোনও কমতি ছিল কি না? পাল্টা প্রশ্ন ছুড়ে রোনালদো বলেছেন, ‘কিসের কমতি?’ কোনো কিছুরই কমতি ছিল না আমাদের। ফুটবল এমনই। আমরা জিততে পারতাম, আবার হারতেও পারতাম। ম্যাচটা যে কোনও দিকেই যেতে পারতো।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172987