শক্তিশালী পর্তুগালকে রুখে দিয়ে ডিআর কঙ্গোর ইতিহাস

শক্তিশালী পর্তুগালকে রুখে দিয়ে ডিআর কঙ্গোর ইতিহাস

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখল মধ্য আফ্রিকা দেশ ডিআর কঙ্গো। টেক্সাসের হিউস্টনে শক্তিশালী পর্তুগালকে ১-১ গোলে রুখে দিয়ে ইতিহাস গড়েছে আফ্রিকার দেশটি। ৫২ বছর পর বিশ্বকাপে ফিরে নিজেদের প্রথম ম্যাচেই ইউরোপিয়ান পরাশক্তির বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট তুলে নিয়েছে তারা।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় পর্তুগাল। ফলও পেয়ে যায় দ্রুত। ষষ্ঠ মিনিটে পেদ্রো নেতোর বাম দিক থেকে ভাসানো নিখুঁত ক্রসে জোয়াও নেভেস হেড করে গোল করে দলকে এগিয়ে দেন। শুরুতে পিছিয়ে পড়লেও ধীরে ধীরে ম্যাচে ফেরে ডিআর কঙ্গো।

প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আসে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। কর্নার থেকে ডান দিক দিয়ে আসা বল ফার পোস্টে পেয়ে শক্তিশালী হেডে জাল খুঁজে নেন উইসা। সেই গোলেই বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম গোলের দেখা পায় ডিআর কঙ্গো। একই সঙ্গে ১৯৭৪ সালের পর প্রথম বিশ্বকাপ ম্যাচে গোল করে পর্তুগালের বিপক্ষে সমতায় ফেরে দলটি।

দ্বিতীয়ার্ধে গোলের খোঁজে মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। ম্যাচের ৫৫ মিনিটে দুর্দান্ত এক গোল করেছিলেন জোয়াও ক্যানসেলো। তবে সঙ্গে সঙ্গেই সহকারী রেফারির পতাকা উঠে যায়—অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
 
এরপর ৬৮তম মিনিটে ম্যাচে প্রথমবারের মতো স্পষ্ট গোলের সুযোগ পান ক্রিস্টিয়ানো রোনালদো। তবে বক্সের ভেতর থেকে নেয়া তার শট লক্ষ্যভ্রষ্ট হয়ে পোস্টের বাইরে চলে যায়। শেষ দিকে পর্তুগাল একের পর এক আক্রমণ চালালেও ডিআর কঙ্গোর সুশৃঙ্খল রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় বারবার ব্যর্থ হয়। কয়েকটি ভালো সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেননি রোনালদোরা। ফলে নির্ধারিত সময় শেষে ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি।
 
এদিন আরেকটি ইতিহাসও গড়েন রোনালদো। লিওনেল মেসির পর দ্বিতীয় ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে খেলার কীর্তি গড়েন তিনি। ২০০৬ সালে বিশ্বকাপে অভিষেকের পর ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬—ছয়টি বিশ্বকাপেই মাঠে নামলেন পর্তুগিজ মহাতারকা। তবে রেকর্ড গড়া ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। পুরো ম্যাচেই ছিলেন অনেকটা নিষ্প্রভ।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172966