চাঁপাইনবাবগঞ্জে ভারত থেকে চোরাইপথে আনা ৪৮ লাখ টাকার ট্রাকের যন্ত্রাংশসহ গ্রেফতার ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর এলাকায় অবস্থিত বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাইপথে আনা প্রায় ৪৭ লাখ ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেছে পুলিশ। অভিযানকালে এঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে শিবগঞ্জের শিয়ালমারা গ্রামের সোহেল রানা(৩০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে চোরাইপথে ভারত থেকে আনা বিপুল পরিমাণ ট্রাকের যন্ত্রাংশ পাচার করা হচ্ছে এমন তথ্য জানায় উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে অভিযান শুরু করা হয়। সেখানে কিছু যন্ত্রাংশ জব্দের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকায় অবস্থিত বিভিন্ন গোডাউনে রাতভর অভিযান চালানো হয়। পরে বুধবার সন্ধ্যায় বিপুল সংখ্যক মালামালের জব্দ তালিকা প্রণয়ন সম্পন্ন করে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, বুধবার এ ঘটনায় শিবগঞ্জ থানায় ৫ জনকে এজাহারনামীয় এবং ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। মামলার তদন্ত শুরু হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172956