বগুড়ার দুপচাঁচিয়া জিয়ানগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের আগাম প্রচারণা
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়া দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা কৌশলে আগাম প্রচারনায় নেমেছেন। ইউনিয়নের জনবহুল এলাকায় নিজ ছবি সম্মেলিত পোস্টার, ব্যনার লটকিয়ে প্রার্থীতা জানান দেওয়ার পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া চাচ্ছেন। বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেদের প্রার্থীতা জানানও দিচ্ছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে নতুন সরকার দেশ পরিচালনা দায়িত্ব গ্রহনের পর থেকেই স্থানীয় নির্বাচন নিয়ে গুঞ্জন চলছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর-অক্টোবরে ৫টি স্তরে পর্যায়ক্রমে স্থানীয় নির্বাচন শুরু হবে।
আগামী এক বছরের মধ্যেই ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এদিকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রোডম্যাপের ঘোষনা না হলেও, বিএনপির অভ্যন্তরে প্রার্থী বাছাই নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় প্রার্থী চূড়ান্ত করার জন্য তিনটি মানদন্ড ঠিক করা হয়েছে।
গত ৯ মে শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের মনোভাব স্পষ্ট করে জানান, আগের সরকারের মতো প্রশাসনিক বা দলীয় প্রভাবে কাউকেই বিজয়ী করে আনার সুযোগ নেই।
স্থানীয় সরকার নির্বাচনে অযাচিত হস্তক্ষেপের বিষয়ে দলীয় সাংগঠনিক সভায় সতর্ক করে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক। দলের এমন বার্তা তৃণমূলে পৌছেও দেওয়া হয়েছে। এরই মাঝেই বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা ভোটের প্রস্তুতি শুরু করেছেন।
বিএনপির পাশাপাশি জামায়াত ও সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীরাও বসে নেই। এই নির্বাচন নিয়ে ইউনিয়নগুলোতে জল্পনা কল্পনা শুরু হয়েছে। উপজেলা জিয়ানগর ইউনিয়নে এরই মধ্যে বিএনপির সম্ভাব্য ৪ জন প্রার্থীসহ ৬ জন চেয়ারম্যান প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তারা হলেন, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান বাবুল হোসেন বাবু, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, আজিজার রহমান মাস্টার, মকছেদুল ইসলাম, জামায়াতের শহীদুল ইসলাম ও স্বতন্ত্র একমাত্র নারী প্রার্থী শারমিন আক্তার বিথী।
প্রার্থীরা বিভিন্ন সভা-সমাবেশসহ অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেদের প্রার্থীতা ঘোষনা দিচ্ছেন। আবার অনেকেই সোস্যাল মিডিয়া ফেসবুকে নিজের প্রার্থীতা ঘোষণা দিয়ে দোয়াও চাচ্ছেন। ইউনিয়নের বিভিন্ন জনবহুল এলাকায় নিজ ছবি সম্মেলিত পোস্টার লাগিয়ে ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রার্থীতা ঘোষনা দিয়ে দোয়া চাচ্ছেন। নিজেদের বিজয় সুনিশ্চিত করতে নির্বাচনী প্রচারণায় কৌশলে প্রচারণাও চালাচ্ছেন।
বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অনেকেই জানান, অনেক আগে থেকেই ইউনিয়ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। নতুন করে প্রস্তুতি নেওয়ার কিছু নেই। তবে জনগণের সাথে সম্পৃক্ত এবং তাদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকেই দলীয় হাইকমান্ড সমর্থন দিবেন এমন প্রত্যাশাই তারা করেন। উল্ল্যেখ্য জিয়ানগর ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৮১০৩ জন। এদের মধ্যে পুরুষ ৯০৭৪ জন আর মহিলা ৯০২৯ জন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172937