বগুড়ার নন্দীগ্রামে গাকের দুই লক্ষাধিক টাকা নিয়ে কর্মকর্তা উধাও
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) নন্দীগ্রাম শাখার গচ্ছিত দুই লাখ ২৪ হাজার ৩৯৫ টাকা নিয়ে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা তৌহিদুল ইসলাম উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত তৌহিদুল ইসলাম নওগাঁ সদর উপজেলার চকমুক্তার গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি চলতি বছরের ২৮ এপ্রিল গ্রাম উন্নয়ন কর্ম (গাক) নন্দীগ্রাম শাখায় সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
যোগদানের পর থেকে তিনি বিভিন্ন গ্রাহকের কিস্তির টাকা সংগ্রহসহ প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমের দায়িত্ব পালন করে আসছিলেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ জুন সকাল সাড়ে ১০টার দিকে শাখার অফিস সহকারীর কাছ থেকে ২ লাখ ২৪ হাজার ৩৯৫ টাকা গ্রহণ করেন তৌহিদুল ইসলাম। ওই টাকা সোনালী ব্যাংক নন্দীগ্রাম শাখায় জমা দেওয়ার কথা থাকলেও তিনি ব্যাংকে টাকা জমা না দিয়ে সেখান থেকে পালিয়ে যান।
পরে ব্যাংকে টাকা জমা না হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গাক কর্তৃপক্ষ তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) নন্দীগ্রাম শাখার পক্ষ থেকে নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে গাক নন্দীগ্রাম শাখার ব্যবস্থাপক পলাশ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার ঘটনাটি সত্য। এ বিষয়ে নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172936