আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক রহস্য 

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক রহস্য 

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে আজ আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার হাইভোল্টেজ ম্যাচে সবার চোখ কেড়ে নিয়েছেন আলজেরিয়ার গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা এক ‘মাস্কম্যান’। তিনি আর কেউ নন, ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। কিন্তু কেন তিনি এই রহস্যময় কালো মাস্ক পরে মাঠে নেমেছেন, তা নিয়ে ফুটবল ভক্তদের মনে কৌতূহলের শেষ নেই। আন্তর্জাতিক মিডিয়ার খবর অনুযায়ী, লুকা জিদানের মুখে যে কালো মাস্কটি দেখা যাচ্ছে, তা কোনো ফ্যাশন বা স্টাইল নয়। এটি মূলত তার ফুটবল ক্যারিয়ার বাঁচিয়ে রাখার একটি মেডিকেল প্রোটেকশন বা সুরক্ষাকবচ।

গত এপ্রিলের শেষের দিকে স্প্যানিশ ক্লাব গ্রানাডার হয়ে একটি ম্যাচে শূন্যে ভাসানো বল ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের সাথে এক মারাত্মক সংঘর্ষের শিকার হন লুকা জিদান। সেই সংঘর্ষে তার চোয়াল এবং থুতনি মারাত্মকভাবে ভেঙে যায়, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ফ্র্যাকচার বলা হয়। সাধারণত চোয়াল বা থুতনি ভাঙলে খেলোয়াড়দের বড় ধরনের সার্জারির মধ্য দিয়ে যেতে হয়, যার ফলে মাসের পর মাস মাঠের বাইরে থাকতে হয়। কিন্তু লুকা জিদানের সামনে তখন জীবনের প্রথম বিশ্বকাপ খেলার হাতছানি। তাই বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে তিনি তাৎক্ষণিক বড় কোনো সার্জারিতে যাননি। তার বদলে তার ভাঙা চোয়ালকে সুরক্ষিত রাখতে চিকিৎসকেরা তৈরি করে দেন এই বিশেষ হাই-টেক কার্বন ফাইবার প্রোটেকটিভ ফেস মাস্ক।এই মাস্কটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মাঠে খেলার সময় কোনো বল বা প্রতিপক্ষের কনুই যদি পুনরায় তার মুখে আঘাত করে, তবে সেই আঘাতের তীব্রতা সরাসরি ভাঙা চোয়ালে না লেগে পুরো মাস্কে ছড়িয়ে পড়ে। বিশ্বকাপের ঠিক আগে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে এই মাস্ক পরেই অবিশ্বাস্য সব সেভ করে আলজেরিয়াকে জেতান তিনি। আজ আর্জেন্টিনার বিপক্ষেও নিজের ভাঙা চোয়াল নিয়ে এই বিশেষ মাস্ক পরেই দেশের জাল রক্ষা করতে বীরের মতো লড়ে যাচ্ছেন লুকা জিদান।

ফুটবল ভক্তদের মনে আরেকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে, বাবা জিদান যেখানে ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপ জিতেছেন, সেখানে ছেলে কেন আলজেরিয়ার হয়ে খেলছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, লুকা জিদানের জন্ম ফ্রান্সে হলেও তার দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান। মূলত দাদার প্রতি শ্রদ্ধা এবং তার কথা রাখতেই ২৭ বছর বয়সী এই গোলরক্ষক ফ্রান্সের বয়সভিত্তিক দল ছেড়ে নিজের পূর্বপুরুষের দেশ আলজেরিয়াকে জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেন। আজ আর্জেন্টিনার বিশ্বসেরা আক্রমণভাগের সামনে নিজের ভাঙা চোয়াল আর এই কালো মাস্ক পরেই আলজেরিয়ার গোলপোস্টের অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়ে আছেন জিনেদিন জিদানের যোগ্য উত্তরসূরি লুকা জিদান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172869