ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেন নেইমার, ব্রাজিল শিবিরে স্বস্তি
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল ব্রাজিল। দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রের ইনজুরি সেলেসাওদের হেক্সা জয়ের স্বপ্নে শঙ্কা তৈরি করেছিল। তবে সেই দুশ্চিন্তার মাঝেই এসেছে স্বস্তির খবর। দীর্ঘ পুনর্বাসন শেষে অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার।
কাফ ইনজুরির কারণে মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারেননি নেইমার। তাকে ছাড়া মাঠে নেমে জয়ও পায়নি ব্রাজিল। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট হারায় কার্লো আনচেলত্তির দল। এরপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে, পুরো টুর্নামেন্ট থেকেই হয়তো ছিটকে যেতে পারেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।
তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, নেইমার আবারও অনুশীলনে ফিরেছেন। নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে তিনি জানান, ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরতে আর বেশি সময় লাগবে না এই তারকার।
গত মে মাসে সান্তোসের হয়ে ম্যাচ খেলতে গিয়ে ডান পায়ের কাফে গ্রেড-২ স্ট্রেইনের চোট পান নেইমার। এরপর থেকেই চিকিৎসক ও ফিটনেস বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন। ইনজুরি পুরোপুরি না সারায় কোচ কার্লো আনচেলত্তি তাকে বিশ্বকাপ দলে রাখলেও প্রথম ম্যাচে ঝুঁকি নেননি।
এদিকে নিউ জার্সিতে ব্রাজিল দলের অনুশীলনে নেইমারকে হালকা দৌড়, ফিটনেস ট্রেনিং এবং বল নিয়ে অনুশীলন করতে দেখা গেছে। যদিও এখনো তিনি দলের পূর্ণাঙ্গ ট্যাকটিক্যাল সেশনে অংশ নেননি, তবুও তার অনুশীলনে ফেরা ব্রাজিল শিবিরে বড় স্বস্তি এনে দিয়েছে।
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের মেডিকেল বিভাগ নেইমারের ফিটনেস নিয়ে এখনো সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের ঝুঁকি না নিয়ে ধাপে ধাপে তাকে ম্যাচ ফিট করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে নকআউট পর্বে তাকে পুরোপুরি প্রস্তুত অবস্থায় পাওয়া যায়।
গ্রুপ পর্বে ব্রাজিলের সামনে এখনও হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে শেষ গ্রুপ ম্যাচে বদলি হিসেবে নেইমারকে মাঠে দেখা যেতে পারে। তবে তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট।
নেইমারের অনুশীলনে ফেরার খবরে নতুন করে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ব্রাজিল সমর্থকদের মধ্যে। তাদের বিশ্বাস, পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরলে ব্রাজিলের আক্রমণভাগে নতুন প্রাণ ফিরবে এবং ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের লড়াইয়ে বড় শক্তি হয়ে উঠবেন এই তারকা ফুটবলার।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172861