সংসদে বাংলা- ভুল ইংরেজিতে বক্তব্য, আলোচনায় এমপি জেবা আমিন
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর আলোচনায় বাংলা ও ইংরেজি মিশিয়ে বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিন খান। তার প্রায় ১১ মিনিটের বক্তব্যের বিভিন্ন অংশ ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বক্তব্যের ভাষা ও উপস্থাপনা নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের এক সদস্যের বক্তব্যের জবাব দেন জেবা আমিন। ভাঙাচোরা সড়ক নিয়ে বিরোধী দলের সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা। দ্য রাস্তাস আর ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন। দিস ইজ ডিউ টু দুর্নীতি। ফ্রম দ্য প্রিভিয়াস রিজিম।”
তিনি অভিযোগ করেন, আগের সরকার বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করলেও সাধারণ মানুষের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে তেমন গুরুত্ব দেয়নি। তার ভাষায়, দেশের সম্পদ লুটপাটের কারণেই এখনও অনেক কাঁচা সড়ক রয়ে গেছে। বর্তমান সরকার মাত্র অল্প সময় দায়িত্বে রয়েছে উল্লেখ করে তিনি সরকারকে কাজ করার জন্য আরও সময় দেওয়ার আহ্বান জানান।
বক্তব্যের একপর্যায়ে জেবা আমিন বলেন, প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী উত্তরাঞ্চলকে কৃষি হাব হিসেবে ঘোষণার উদ্যোগ নিয়েছেন। বিরোধী দলের সদস্যরা চাইলে এ উদ্যোগের প্রশংসা করতে পারতেন বলেও মন্তব্য করেন তিনি।
তবে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় বক্তব্য দেওয়ায় তাকে থামিয়ে দেন স্পিকার। তিনি বলেন, “ধন্যবাদ মাননীয় সদস্য, এক মিনিটে আপনার বক্তব্য শেষ করুন। আপনাকে আট মিনিট দেওয়া হয়েছে, অন্যদের ছয় মিনিট। সময় আমি দিই না, সময় নির্ধারণ করেন আপনাদের হুইপ।”
স্পিকারের এ বক্তব্যের জবাবে জেবা আমিন বলেন, “এক মিনিটে বলা হবে না। আমার অনেক কিছু আছে।” এরপরও তিনি বক্তব্য চালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্পিকার তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতেও বক্তব্য দেওয়ার সুযোগ থাকবে।
বক্তৃতার শেষ অংশেও জেবা আমিন আরও কিছু বিষয়ে কথা বলতে চাইলেও সময় শেষ হয়ে যাওয়ায় তা আর বলা সম্ভব হয়নি। তিনি দাবি করেন, বাজেট বাস্তবায়নে আগের মতো শুধু ডিও লেটারের ওপর নির্ভর করলে হবে না, কার্যকরভাবে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
এদিকে সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে দেওয়া তার বক্তব্যের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই বিষয়টি নিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করছেন। আবার কেউ কেউ একজন সংসদ সদস্যের বক্তব্যের ভাষা, উপস্থাপনা ও সংসদীয় শিষ্টাচার নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে এ বিষয়ে জেবা আমিন খানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172859