প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক, নিচ্ছেন বিয়ের প্রস্তুতি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গড়ে ওঠা বন্ধুত্ব থেকে প্রেম, আর সেই প্রেমের টানেই সুদূর চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছুটে এসেছেন এক যুবক। প্রিয় মানুষটিকে জীবনসঙ্গিনী করতে তিনি শুধু নিজ দেশ ছেড়েই আসেননি, স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন পরিচয়ে জীবন শুরু করার সিদ্ধান্তও নিয়েছেন। বর্তমানে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিক প্রস্তুতি চলছে।
ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে। গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের মেয়ে স্বপ্না আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে অনলাইনে পরিচয় ও যোগাযোগ ছিল চীনের সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা জিয়া ঐলীর। পেশায় চাকরিজীবী জিয়া ঐলী নিয়মিত যোগাযোগের একপর্যায়ে স্বপ্নার প্রেমে পড়েন। দীর্ঘদিনের সেই ভার্চুয়াল সম্পর্ককে বাস্তবে রূপ দিতে গত সোমবার (১৫ জুন) রাতে তিনি বাংলাদেশে আসেন।
ঢাকায় পৌঁছে বিমানবন্দর থেকে সরাসরি নবীনগরের নীলনগর গ্রামে স্বপ্নার মামার বাড়িতে যান তিনি। সেখানে স্বপ্নার পরিবারের সদস্যদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক পরিচয় হয়। বিদেশি যুবকের আগমনের খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। এক নজর দেখতে বাড়ির সামনে ভিড় করেন উৎসুক মানুষ।
স্বপ্নার পরিবার জানায়, বাংলাদেশে আসার পর আনুষ্ঠানিকভাবে স্বপ্নাকে বিয়ের প্রস্তাব দেন জিয়া ঐলী। পারিবারিক সম্মতি পাওয়ার পর মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরের পর তার নতুন নাম রাখা হয় জাহিদ ইসলাম।
বর্তমানে ধর্মীয় ও আইনি বিধি-বিধান অনুসরণ করে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্নের প্রস্তুতি চলছে।
স্বপ্না আক্তার গণমাধ্যমকে জানান, দুই পরিবারের সম্মতিতে খুব শিগগিরই তাদের বিয়ে সম্পন্ন হবে। তিনি বলেন, পরিবারের সবাই ভিনদেশি এই পাত্রকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন এবং তাদের সম্পর্ক নিয়ে সবাই ইতিবাচক।
এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম বলেন, বিষয়টি ব্যক্তিগতভাবে তার জানা ছিল না। তবে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।
সুদূর চীন থেকে প্রেমের টানে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে বাঙালি তরুণীকে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার এই ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই যুগলটির নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক বিয়ের ক্ষেত্রে উভয় দেশের প্রচলিত আইন, প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেই বিয়ে নিবন্ধন করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172852