আনচেলত্তির কৌশল বদল, ব্রাজিল একাদশে বড় পরিবর্তন

আনচেলত্তির কৌশল বদল, ব্রাজিল একাদশে বড় পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রথম ম্যাচে ড্রয়ের ধাক্কা কাটাতে এবার একাদশে পরিবর্তনের পথে হাঁটছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর হাইতির বিপক্ষে ভিন্ন এক ব্রাজিল দেখা যেতে পারে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো।

এর আগে রবিবার ভোরে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ সি এর ম্যাচে শুরুতেই চাপে পড়ে ব্রাজিল। ম্যাচের ২১ মিনিটে ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। তবে ৩২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতায় ফেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

এই ড্রয়ের পরই মূল চিন্তা শুরু হয়েছে ব্রাজিল শিবিরে। কারণ গ্রুপ পর্ব থেকে সহজে উত্তরণের জন্য পরবর্তী ম্যাচগুলোতে জয় পাওয়া এখন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। সেই বাস্তবতায় হাইতির বিপক্ষে একাদশে পরিবর্তনের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আনচেলত্তি।

গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, মরক্কো ম্যাচের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন কোচ। বিশেষ করে মাঝমাঠের গতি, আক্রমণের ধার এবং রক্ষণভাগের সমন্বয়ে কিছু পরিবর্তন আনতে চান তিনি। ফলে পরের ম্যাচে নতুন কয়েকজন খেলোয়াড়কে শুরুর একাদশে দেখা যেতে পারে।

তবে আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়রই থাকছেন প্রধান ভরসা হিসেবে। মরক্কোর বিপক্ষে তার একক নৈপুণ্যের গোলই ব্রাজিলকে হার থেকে বাঁচিয়েছে। নেইমারহীন দলে তাই তার ওপরই নির্ভরতা আরও বাড়ছে।

ড্র হলেও একটি বড় স্বস্তির জায়গা রয়েছে ব্রাজিলের জন্য। ১৯৩৪ সালের পর বিশ্বকাপের প্রথম ম্যাচে না হারার রেকর্ড এবারও ধরে রেখেছে সেলেসাওরা। তবে শুধুই রেকর্ডে আটকে থাকলে চলবে না, নকআউট নিশ্চিত করতে হলে এখন জয়ের পথেই ফিরতে হবে।

গ্রুপ সি তে একটি করে পয়েন্ট নিয়ে সমতায় রয়েছে ব্রাজিল ও মরক্কো। ফলে হাইতির বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য হয়ে উঠেছে বাঁচা মরার লড়াইয়ের মতোই।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172851