সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি : যমুনা সেতুর পশ্চিম পাড় এলাকায় দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এটিএসআই) নুরুল ইসলাম নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ জুন) বেলা পৌনে ৪টায় যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক তরিবুর রহমানও গুরুতর আহত হন। এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যমুনা সেতুর পশ্চিম পাড় এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছিলেন এটিএসআই নুরুল ইসলাম। এসময় ঢাকা অভিমুখী একটি ট্রাক দ্রুতগতিতে অন্য একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করে। কিন্তু ট্রাকটি রং সাইড ব্যবহার করে ঝুঁকিপূর্ণভাবে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দায়িত্ব পালনরত এটিএসআই নুরুল ইসলামকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং গুরুতর আহত অবস্থায় ট্রাকচালককে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এসময় দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে।
সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগের পরিদর্শক মোফাকখারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।
এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ট্রাকচালকও গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172848